
রয়টার্স
বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিপণ্য, নানা ক্ষেত্রে বাড়ছে বিরল খনিজের ব্যবহার। আর এই খনিজের বাজারে চীনের একচ্ছত্র আধিপত্য। সেই আধিপত্য কমাতে বিকল্প উৎসের সন্ধানে মিয়ানমারের দিকে নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র।
অন্য দিকে এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের খনিজ খাতে মার্কিন বিনিয়োগ টানতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানাচ্ছে মিয়ানমারের সামরিক সরকার। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মিয়ানমারের ওপর প্রভাব বাড়ানো এবং দেশটির বিরল খনিজের মজুদ ব্যবহারের সুযোগ তৈরির একটি কৌশলগত পরিকল্পনা প্রকাশ করে। এর আগে কয়েক মাস ধরে মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে গোপনে আলোচনা চালিয়েছে ওয়াশিংটন।
এ দিকে ওয়াশিংটনের লবিং প্রতিষ্ঠান ডিসিআই গ্রুপ গত সোমবার মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের পক্ষে প্রকাশিত এক নিউজলেটারে যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, মিয়ানমারের খনিজ সম্পদ দেশটির অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও সরবরাহব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য মিয়ানমারের ব্যবসায়িক পরিবেশ উন্নত করা এবং দেশটিতে প্রকৃত শান্তিপ্রক্রিয়া এগিয়ে নেয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি দেখতে চায় ওয়াশিংটন।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার বিশ্বের ভারী বিরল খনিজের অন্যতম প্রধান উৎস। দেশটি থেকে এসব খনিজের বেশির ভাগই চীনে পাঠানো হয়। সেখানে সেগুলো প্রক্রিয়াজাত করে বৈদ্যুতিক গাড়ি, বায়ুবিদ্যুৎ টারবাইনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তিপণ্যে ব্যবহারের জন্য চুম্বক তৈরি করা হয়। বিশ্বের বিরল খনিজ দিয়ে তৈরি চুম্বকের প্রায় ৯০ শতাংশই উৎপাদন করে চীন। এসব চুম্বক তৈরির কাঁচামালের একটি অংশ আসে মিয়ানমার থেকে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








