মালয়েশিয়ায় বিদেশী শ্রমিকরা যেন আধুনিক দাস : আনোয়ার
মালয়েশিয়ায় বিদেশী শ্রমিকরা যেন আধুনিক দাস : আনোয়ার।

 মালয়েশিয়া প্রতিনিধি

Advertisement

মালয়েশিয়ায় বিদেশী শ্রমিক সিন্ডিকেটের দৌরাত্ব নিজের মুখেই স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এজেন্টদের কূটচাল বন্ধে শিগগিরই পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। 
আনোয়ার ইব্রাহিম জানান, মালয়েশিয়ায় অনেক বিদেশী শ্রমিককে অমানবিক পরিবেশে রাখা হচ্ছে এবং অতিরিক্ত নিয়োগ খরচের মাধ্যমে সিন্ডিকেটগুলো তাদের শোষণ করছে, যা আধুনিক দাসত্ব।
সম্প্রতি ‘মালয়েশিয়া মাদানিয়ান স্কলার্স ফোরাম’ (ঋওগ)-এর এক অনুষ্ঠানে মডারেটরের বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করে জানান, মধ্যস্বত্বভোগী বা এজেন্টদের অতিরিক্ত ফি নেয়া এবং পাসপোর্ট কেড়ে নিয়ে বেতন আটকে রাখার মতো অন্যায় কাজ বরদাশত করা হবে না। বিদেশী শ্রমিক নিয়োগের খরচ যেন যৌক্তিক হয় এবং অতিরিক্ত বোঝা না হয়ে দাঁড়ায়, সে জন্য শ্রমভিত্তিক দেশগুলোর সাথে মালয়েশিয়া সরকার একে একে আলোচনা চালাচ্ছে।
তিনি স্বীকার করেন যে, দেশের নির্দিষ্ট কিছু খাতে (যেমন : পামঅয়েল বাগানে ফল কাটার মতো ভারী কাজে) এখনো বিদেশী শ্রমিকের তীব্র প্রয়োজন রয়েছে। সরকার এসব খাতের জন্য নিয়ন্ত্রিতভাবে শ্রমিক নিয়োগের অনুমোদন দিতে প্রস্তুত। তবে এর পাশাপাশি নিয়োগকর্তাদেরও যান্ত্রিকীকরণ ও স্বয়ংক্রিয়করণের মাধ্যমে বিদেশী শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর প্রতিশ্রুতি দিতে হবে।