
বিশেষ সংবাদদাতা
একটি সুপারমার্কেটের ফ্রিজার হঠাৎ ১১২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পৌঁছে গেল। অথচ কোনো অ্যালার্ম বাজল না। কর্মীরা বিপদ বুঝে ওঠার আগেই কয়েক মিলিয়ন ইউরোর খাদ্যপণ্য নষ্ট হয়ে গেল। ঘটনাটি প্রথমে সাধারণ যান্ত্রিক ত্রুটি বলে মনে হতে পারে। কিন্তু তদন্তে উঠে আসে ভিন্ন বাস্তবতা- ইন্টারনেটের সাথে সংযুক্ত রেফ্রিজারেশন নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার অনুপ্রবেশ।
এরপর একই ধরনের হামলার লক্ষ্য হলো ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেট। এমনকি ফ্রান্সের জাতীয় রক্ত পরিসঞ্চালন সংস্থার (ইএফএস) রেফ্রিজারেশন ব্যবস্থাও আক্রান্ত হয়। সেখানে বিকল্প অ্যালার্মব্যবস্থা সক্রিয় হওয়ায় রক্তের কোনো উপাদান নষ্ট হওয়ার আগেই প্রযুক্তিবিদরা ব্যবস্থা নিতে সক্ষম হন।
এসব ঘটনা আধুনিক যুদ্ধের ধারণায় একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধের জন্য এখন আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বিমান হামলা কিংবা সীমান্ত অতিক্রম করে সেনা পাঠানোর প্রয়োজন সব সময় হয় না। প্রতিপক্ষের বিদ্যুৎ, পানি, খাদ্য সংরক্ষণ, হাসপাতাল, রক্তব্যাংক কিংবা পরিবহনব্যবস্থার নিয়ন্ত্রণকক্ষে প্রবেশ করতে পারলেই বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করা সম্ভব।
এটি কেবল সাইবার অপরাধ নয়। রাষ্ট্রীয় পর্যায়ে পরিকল্পিত হলে এটি হতে পারে শত্রুর অর্থনীতি, জনস্বাস্থ্য, সামাজিক আস্থা ও রাষ্ট্রীয় সক্ষমতার ওপর আঘাত হানার এক নতুন কৌশল। খ্যাতনামা বিশেষজ্ঞ অলিভিয়ার নক্সের এক আলোচিত প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানেই। তিনি দেখিয়েছেন, আধুনিক যুদ্ধের নতুন ফ্রন্টলাইন কোনো যুদ্ধক্ষেত্রের মানচিত্রে সীমাবদ্ধ নেই। সেটি এখন সুপারমার্কেটের ফ্রিজার, হাসপাতালের ওষুধ সংরক্ষণাগার, পানি শোধনাগার কিংবা সামরিক ঘাঁটির খাদ্য সরবরাহব্যবস্থার মধ্যেও বিস্তৃত।
এ ধরনের হামলা শুধু যুদ্ধে ব্যবহারের কৌশল এমনটি নয়, একই সাথে প্রতিপক্ষ দেশ বা রাজনৈতিক সরকারকে বেকায়দায় ফেলতেও এ কৌশল ব্যবহারের নজির দেখা যাচ্ছে। বাংলাদেশে আগামী ডিসেম্বর-কেন্দ্রিক নাশকতা নিয়ে এ কারণে নানামুখী আলোচনা চলছে। এ ধরনের নাশকতায় বিদেশী ইন্ধন থাকতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে গোয়েন্দা রিপোর্টে।
এ কারণে বলা হচ্ছে ওপরের ঘটনাগুলো বাংলাদেশের জন্য এ সময়ে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ দ্রুত ডিজিটাল অর্থনীতি, ই-গভর্ন্যান্স, অনলাইন ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, শিল্প অটোমেশন ও ইন্টারনেট-নির্ভর সেবা সম্প্রসারণ করছে। কিন্তু ডিজিটাল অবকাঠামো যত বাড়ছে, তার নিরাপত্তা ব্যবস্থাপনা কতটা শক্তিশালী হচ্ছে- সেই প্রশ্নও সামনে আসছে।
বাংলাদেশের ঝুঁকি শুধু সরকারি ওয়েবসাইট হ্যাক হওয়া কিংবা ব্যাংকের তথ্য চুরির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং গুরুত্বপূর্ণ অবকাঠামোর বাস্তব নিয়ন্ত্রণব্যবস্থা আক্রান্ত হলে তার প্রভাব অনেক বেশি বিস্তৃত হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্যবস্তা হতে পারে :
ক. বিদ্যুৎ ও জ্বালানি খাত : বিদ্যুৎকেন্দ্র, জাতীয় গ্রিড, সাবস্টেশন, গ্যাস বিতরণব্যবস্থা ও জ্বালানি সরবরাহের বিভিন্ন স্তরে ডিজিটাল নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এসব ব্যবস্থায় এসসিএডিএ (সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন) এবং অন্যান্য শিল্প নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহৃত হয়। যদি কোনো গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণব্যবস্থা আক্রান্ত হয়, তাহলে বিদ্যুৎ উৎপাদন, বিতরণ কিংবা জ্বালানি সরবরাহে বিঘœ ঘটতে পারে।
এখানে বিপদের দু’টি দিক রয়েছে। একটি হলো সরাসরি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। অন্যটি হলো নিয়ন্ত্রণব্যবস্থায় ভুল তথ্য পাঠিয়ে অপারেটরদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করা। বিদ্যুৎ খাতে বড় ধরনের বিঘœ ঘটলে শিল্প উৎপাদন, হাসপাতাল, পানি সরবরাহ, টেলিযোগাযোগ, ব্যাংকিং ও পরিবহন- সব ক্ষেত্রেই প্রভাব পড়তে পারে। বাংলাদেশের মতো বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের ওপর উচ্চমাত্রায় নির্ভরশীল অর্থনীতিতে এ ধরনের ঝুঁকি বিশেষভাবে বিবেচনার দাবি রাখে।
খ. খাদ্য সংরক্ষণ ও কোল্ড চেইন : বাংলাদেশে মাছ, গোশত, দুগ্ধজাত পণ্য, ফলমূল, হিমায়িত খাদ্য, টিকা ও ওষুধ সংরক্ষণের জন্য কোল্ড চেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোল্ড চেইন বলতে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত নির্দিষ্ট তাপমাত্রায় পণ্য সংরক্ষণ ও পরিবহনের ধারাবাহিক ব্যবস্থাকে বোঝায়। এর মধ্যে রয়েছে- হিমাগার ও কোল্ড স্টোরেজ; খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা; মাছ ও গোশত সংরক্ষণাগার; ওষুধের গুদাম; টিকা সংরক্ষণব্যবস্থা; বন্দর ও বিমানবন্দরের তাপমাত্রা-নিয়ন্ত্রিত গুদাম।
এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণব্যবস্থা ইন্টারনেটের সাথে যুক্ত থাকলে এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করা হলে সাইবার হামলার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে খাদ্য সংরক্ষণব্যবস্থা আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত পণ্যের আর্থিক মূল্য ছাড়াও খাদ্য সরবরাহ, বাজারদর ও জনস্বাস্থ্যে প্রভাব পড়তে পারে। তবে বাংলাদেশের হিমাগার বা খাদ্যগুদামগুলোতে এ ধরনের হামলা ইতোমধ্যে ঘটেছে- এমন দাবি করার মতো তথ্য নেই। এটি হতে পারে সম্ভাব্য ঝুঁকি এবং আগাম প্রস্তুতির বিষয়।
গ. হাসপাতাল, রক্তব্যাংক ও ওষুধ সরবরাহ : ফ্রান্সের ইএফএসের ঘটনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। বাংলাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতাল, রক্তব্যাংক, ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধ সংরক্ষণাগারে তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ডিজিটাল পর্যবেক্ষণব্যবস্থা গুরুত্বপূর্ণ।
একটি হাসপাতালের রক্ত সংরক্ষণাগারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা অকার্যকর হলে জরুরি অস্ত্রোপচার, প্রসূতি চিকিৎসা, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি সেবায় সমস্যা তৈরি হতে পারে। এখানে শুধু সাইবার নিরাপত্তা নয়, বিকল্প ব্যবস্থা রাখাও জরুরি। ডিজিটাল নিয়ন্ত্রণব্যবস্থা আক্রান্ত হলেও যেন স্বাধীন তাপমাত্রা সেন্সর, বিকল্প অ্যালার্ম ও ম্যানুয়াল নিয়ন্ত্রণের মাধ্যমে বিপদ শনাক্ত করা যায়, সেই সক্ষমতা থাকতে হবে।
ঘ. বন্দর, সমুদ্রবন্দর ও সরবরাহব্যবস্থা : চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। আমদানি-রফতানি, কনটেইনার ব্যবস্থাপনা, কাস্টমস, জাহাজ চলাচল ও পণ্য পরিবহনে ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বাড়ছে। এসব ব্যবস্থায় সাইবার হামলা হলে শুধু বন্দর অচল হওয়ার বিষয় নয়, বরং দেশের আমদানি-রফতানি, শিল্পের কাঁচামাল সরবরাহ, খাদ্য আমদানি ও রফতানি আয়ও ক্ষতিগ্রস্ত হতে পারে। একটি বন্দর কয়েক দিন অচল থাকলে তার প্রভাব বন্দরের সীমানা ছাড়িয়ে ব্যাংক, বীমা, পরিবহন, শিল্প ও বৈদেশিক বাণিজ্যে ছড়িয়ে পড়তে পারে।
ঙ. ব্যাংকিং ও আর্থিক অবকাঠামো : বাংলাদেশের ব্যাংকিং খাত ইতোমধ্যে ডিজিটাল লেনদেন, অনলাইন ব্যাংকিং, কার্ড, মোবাইল আর্থিক সেবা ও আন্তঃব্যাংক পেমেন্টের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর সাথে যুক্ত রয়েছে- ব্যাংকের অভ্যন্তরীণ নেটওয়ার্ক; পেমেন্ট ও নিষ্পত্তি ব্যবস্থা; ডাটা সেন্টার; এটিএম ও কার্ড নেটওয়ার্ক; তৃতীয় পক্ষের প্রযুক্তি সরবরাহকারী; আর্থিক প্রতিষ্ঠানের ব্যাকআপ ও পুনরুদ্ধার ব্যবস্থা। ব্যাংকিং খাতে সাইবার হামলার প্রভাব শুধু অর্থ চুরিতে সীমাবদ্ধ নয়। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হলে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। এখানে একটি বিশেষ ঝুঁকি হলো, একাধিক প্রতিষ্ঠানের একই প্রযুক্তি সরবরাহকারী বা সেবা প্রদানকারী থাকলে একটি দুর্বল প্রবেশপথ থেকে অনেক প্রতিষ্ঠান আক্রান্ত হতে পারে।
ফ্রিজার কেন জাতীয় নিরাপত্তার লক্ষ্যবস্তু?
সাধারণভাবে সাইবার হামলা বলতে আমরা ব্যাংকের তথ্য চুরি, সরকারি ওয়েবসাইট অচল করা, ব্যক্তিগত তথ্য ফাঁস কিংবা মুক্তিপণ আদায়ের জন্য কম্পিউটার ব্যবস্থা বন্ধ করে দেয়াকে বুঝি। কিন্তু ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং অপারেশনাল টেকনোলজির (ওটি) বিস্তারের ফলে সাইবার হামলার প্রকৃতি বদলে গেছে। আইওটি হলো ইন্টারনেটের সাথে যুক্ত বিভিন্ন যন্ত্র ও সেন্সরের নেটওয়ার্ক। আর ওটি এমন প্রযুক্তি, যা বাস্তব জগতের যন্ত্রপাতি, উৎপাদন, তাপমাত্রা, চাপ, বিদ্যুৎপ্রবাহ ও অন্যান্য শিল্পপ্রক্রিয়া নিয়ন্ত্রণ করে।
একটি আধুনিক সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থা শুধু কম্প্রেসর ও থার্মোস্ট্যাটের সমষ্টি নয়। এর সাথে যুক্ত থাকে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী ডিজিটাল কন্ট্রোলার; দূর থেকে পর্যবেক্ষণের সফটওয়্যার; স্বয়ংক্রিয় অ্যালার্ম সতর্কবার্তা; কেন্দ্রীয় ব্যবস্থাপনা সার্ভার; রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের রিমোট অ্যাকসেস এবং সরবরাহ ও মজুদ ব্যবস্থাপনার ডিজিটাল প্ল্যাটফর্ম।
এই ব্যবস্থার কোনো দুর্বল অংশে প্রবেশ করে হামলাকারী শুধু তথ্য দেখতে পারে না, বরং বাস্তব যন্ত্রপাতির কার্যক্রমও পরিবর্তন করতে পারে। প্রচলিত তথ্যপ্রযুক্তি (আইটি) ব্যবস্থায় সাইবার হামলার ফলে তথ্য হারানো বা সেবা বন্ধ হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু ওটি ব্যবস্থায় একই ধরনের অনুপ্রবেশ বাস্তব সম্পদের ক্ষতি, উৎপাদন বন্ধ, খাদ্য নষ্ট, পানি দূষণের ঝুঁকি কিংবা মানুষের জীবন বিপন্ন করতে পারে।
হামলার কৌশল : প্রযুক্তিগত জটিলতা নয়, ব্যবস্থাপনার দুর্বলতা
অলিভিয়ার নক্সের প্রতিবেদনের একটি তাৎপর্যপূর্ণ তথ্য হলো, হামলাকারীদের কোনো অত্যাধুনিক সাইবার অস্ত্র ব্যবহার করতে হয়নি। পালো আল্টো নেটওয়ার্কসের ইউনিট ৪২-এর গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, ইন্টারনেটের জন্য উন্মুক্ত দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থার সুযোগ নিয়েই হামলাগুলো চালানো হয়েছে। এখানে তিনটি দুর্বলতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ :
১. প্যাচবিহীন নিয়ন্ত্রণব্যবস্থা : কোনো সফটওয়্যার বা যন্ত্রের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পরে নির্মাতা প্রতিষ্ঠান সাধারণত সংশোধনী বা প্যাচ প্রকাশ করে। কিন্তু প্রতিষ্ঠানগুলো নিয়মিত আপডেট না করলে পুরনো দুর্বলতা থেকেই যায়।
২. ইন্টারনেটে সরাসরি উন্মুক্ত প্রবেশপথ : যে নিয়ন্ত্রণব্যবস্থা শুধু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নেটওয়ার্কে থাকার কথা, সেটি যদি সরাসরি ইন্টারনেটে উন্মুক্ত থাকে, তাহলে দূরবর্তী হামলাকারীদের জন্য প্রবেশের সুযোগ তৈরি হয়।
৩. ডিফল্ট পাসওয়ার্ড : নির্মাতা প্রতিষ্ঠানের দেয়া প্রাথমিক পাসওয়ার্ড পরিবর্তন না করলে হামলাকারীরা পরিচিত পাসওয়ার্ড ব্যবহার করেই প্রবেশ করতে পারে।
খাদ্য ও ওষুধের সরবরাহব্যবস্থা এখন কৌশলগত অবকাঠামো
সাইবার হামলার লক্ষ্য হিসেবে ফ্রিজারকে বেছে নেয়ার বিষয়টি আপাতদৃষ্টিতে অস্বাভাবিক। কিন্তু জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে খাদ্য ও ওষুধ সংরক্ষণব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশের খাদ্য নিরাপত্তা শুধু কৃষি উৎপাদনের ওপর নির্ভর করে না। উৎপাদিত খাদ্য সংরক্ষণ, পরিবহন, গুদামজাতকরণ, পাইকারি বাজার, সুপারমার্কেট ও খুচরা সরবরাহব্যবস্থার ওপরও নির্ভরশীল।
হাইব্রিড যুদ্ধ : ঘোষণা ছাড়াই প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল
এসব ঘটনাকে বোঝার জন্য হাইব্রিড যুদ্ধের ধারণা গুরুত্বপূর্ণ। হাইব্রিড যুদ্ধ বলতে প্রচলিত সামরিক শক্তির পাশাপাশি সাইবার আক্রমণ, অর্থনৈতিক চাপ, তথ্যযুদ্ধ, মনস্তাত্ত্বিক অভিযান, রাজনৈতিক বিভাজন, নাশকতা ও কূটনৈতিক চাপের সমন্বিত ব্যবহারকে বোঝায়।
এখানে ইরানের ক্ষেত্রে যেমন ফরাসি কর্তৃপক্ষ সুপারমার্কেটের হামলার জন্য দায়ী করেছে, তেমনি রাশিয়ার বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে। তবে প্রতিটি ঘটনার পেছনে কারা আছে, তা নির্ধারণের ক্ষেত্রে তিনটি সম্ভাবনা রয়েছে : রাষ্ট্রীয় নির্দেশিত অভিযান- কোনো দেশের গোয়েন্দা বা সামরিক সংস্থা সরাসরি হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে; রাষ্ট্রসমর্থিত প্রক্সি অভিযান- কোনো হ্যাকার গোষ্ঠী রাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে না থেকেও তার স্বার্থে কাজ করে অথবা পরোক্ষ সহায়তা পায় এবং স্বাধীন অপরাধী গোষ্ঠীর কার্যক্রম- আর্থিক লাভ, মুক্তিপণ, ধ্বংসাত্মক উদ্দেশ্য কিংবা রাজনৈতিক প্রচারণার জন্য অপরাধীরা হামলা চালায়।
আগামী দিনের যুদ্ধের তিনটি সম্ভাব্য দৃশ্যপট
ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি বোঝার জন্য তিনটি সম্ভাব্য দৃশ্যপট বিবেচনা করা যেতে পারে : দৃশ্যপট ১. সীমিত নাশকতা (নিম্ন থেকে মাঝারি মাত্রার সঙ্কট) : একটি দেশের কয়েকটি সুপারমার্কেট, খাদ্যগুদাম কিংবা শিল্পপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় হামলা। সীমিত আর্থিক ক্ষতি, কিন্তু বড় ধরনের আতঙ্ক ও তদন্তের প্রয়োজন সৃষ্টি।
দৃশ্যপট ২ : সমন্বিত অবকাঠামোগত আক্রমণ (উচ্চমাত্রার সঙ্কট) : একই সময়ে বিদ্যুৎ, পানি, খাদ্য সংরক্ষণ, হাসপাতাল ও পরিবহনব্যবস্থায় বিচ্ছিন্ন হামলা। ফলে একটি প্রতিষ্ঠানের সমস্যা অন্য প্রতিষ্ঠানের কার্যক্রমেও প্রভাব ফেলে।
দৃশ্যপট ৩ : সামরিক সঙ্ঘাতের আগে সাইবার প্রস্তুতি (অত্যন্ত উচ্চমাত্রার কৌশলগত ঝুঁকি) : কোনো সম্ভাব্য সামরিক সঙ্ঘাতের আগে প্রতিপক্ষের যোগাযোগ, বিদ্যুৎ, পরিবহন, সরবরাহ ও প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করা।
বাংলাদেশের করণীয় : বিচ্ছিন্ন সাইবার নিরাপত্তা নয়, জাতীয় প্রতিরক্ষা কাঠামো
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার একজন বিশেষজ্ঞের মতে, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাইবার নিরাপত্তাকে শুধু তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব হিসেবে বিবেচনা না করা। তার মতে, এ জন্য কয়েকটি পদক্ষেপ জরুরি : ১. জাতীয় গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, ব্যাংক, হাসপাতাল, খাদ্যগুদাম ও ওষুধ সরবরাহব্যবস্থার নিয়ন্ত্রণব্যবস্থা শনাক্ত করতে হবে। ২. আইটি ও ওটি নেটওয়ার্ক পৃথক করার মাধ্যমে অফিসের কম্পিউটার নেটওয়ার্ক এবং বাস্তব যন্ত্রপাতি নিয়ন্ত্রণকারী নেটওয়ার্কের মধ্যে কঠোর নিরাপত্তা সীমানা থাকতে হবে। ৩. নিয়মিত সাইবার নিরাপত্তা নিরীক্ষার মাধ্যমে ইন্টারনেট-উন্মুক্ত যন্ত্র ও পুরনো সফটওয়্যার পরীক্ষা করতে হবে। ৪. জাতীয় পর্যায়ে সাইবার পরিস্থিতি পর্যবেক্ষণ এর মাধ্যমে সরকারি সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান এবং দ্রুত সতর্কবার্তার ব্যবস্থা শক্তিশালী করতে হবে। ৫. ডিজিটাল ব্যবস্থা আক্রান্ত হলেও যেন জরুরি সেবা চালু রাখা যায়, সেই সক্ষমতা তৈরি করতে হবে। ৬. সাইবার সঙ্কটের জাতীয় মহড়ার অংশ হিসেবে সেনাবাহিনী, পুলিশ, স্বাস্থ্য ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট খাতগুলোকে নিয়ে যৌথ মহড়া আয়োজন করতে হবে। ৭. প্রযুক্তিগত সার্বভৌমত্ব ও জনবল উন্নয়নে গুরুত্ব দিতে হবে। বিদেশী প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সেটির নিরাপত্তা যাচাই ও নিয়ন্ত্রণের নিজস্ব দক্ষতা থাকতে হবে। ৮. গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ন্যূনতম সাইবার নিরাপত্তা মান ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।
চূড়ান্ত মূল্যায়ন : যুদ্ধের নতুন সীমান্ত এখন নাগরিক জীবনের ভেতরে
শুরুতে উল্লেখ করা অলিভার নক্সের আলোচিত প্রতিবেদনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, এটি আধুনিক যুদ্ধের একটি পরিবর্তিত বাস্তবতাকে সামনে এনেছে। একসময় যুদ্ধের লক্ষ্যবস্তু ছিল সেনাবাহিনী, সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও নৌবন্দর। এখন এর সাথে যুক্ত হয়েছে এমন সব অবকাঠামো, যেগুলোকে সাধারণ মানুষ যুদ্ধের সাথে সম্পর্কিত বলে ভাবত না।
একটি ফ্রিজার, একটি পানি শোধনাগার, একটি হাসপাতালের রক্ত সংরক্ষণাগার কিংবা একটি খাদ্যগুদাম- সবই জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। শেখ হাসিনার অনুপ্রবেশের হুমকির মুখে চলমান নাশকতায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এই বাস্তবতার তাৎপর্য গভীর। সীমান্ত পাহারা, সামরিক প্রস্তুতি ও গোয়েন্দা সক্ষমতার পাশাপাশি দেশের ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা এখন সমান গুরুত্বপূর্ণ। আগামী দিনের যুদ্ধে কোনো দেশের পরাজয় শুধু ভূখণ্ড হারানোর মাধ্যমে ঘটবে না; তার বিদ্যুৎ, পানি, খাদ্য, স্বাস্থ্য ও আর্থিক ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ হারিয়েও রাষ্ট্রটি কৌশলগতভাবে বিপর্যস্ত হতে পারে। সরকার এ নিয়ে কতটা সচেতন সেটিই এখনকার বড় প্রশ্ন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








