
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ আবদুল হালিম। গ্রেফতাররা হলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মরহুম ফজলুল হকের ছেলে মহসিন সম্রাট (৫৭), মহসিন সম্রাটের ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) ও ওচমানপুর ইউনিয়নের বাসিন্দা ফরিদুল ইসলামের ছেলে ফারাবি হোসেন (২৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ।
ওই সময় সার পাচারের সাথে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়। জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, ‘৩১০ বস্তা সার জব্দের ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করে পুলিশ। নোয়াখালী জেলার সুবর্ণচরের মাহে আলম মেম্বার ও তার ভাই নুর উদ্দিন সার চালানের তথ্য দেন।
পরে যুবদল নেতা শওকত আকবর সোহাগ ট্রাকভর্তি সারের বস্তাগুলো মুহুরী প্রজেক্টর বেড়িবাঁধ অঞ্চল দিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টা করে। রোববার ভোররাতে অভিযান চালিয়ে পাচারের কালে মহসিন সম্রাট, তার ছেলে আজহার উদ্দিন ও ফারাবি হোসেনকে গ্রেফতার করা হয়।’ তিনি আরো বলেন, ‘গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








