সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াতের ২ কর্মী প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি

Advertisement

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন তাদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। গত সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার এলাকায় হাড়িভাসা-সাহেব বাজার সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে পুলিশের দায়ের করা একটি মামলায় হাড়িভাসা ইউনিয়নের বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম ও জামায়াত কর্মী আমিনার রহমানকে ১১ ও ১২ নম্বর আসামি করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান তাদের মামলায় ফাঁসিয়েছেন বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে মামলা থেকে তাদের অব্যাহতির দাবি জানান বক্তারা।
তবে অভিযোগ অস্বীকার করে শাহজাহান বলেন, জমি নিয়ে বিরোধ থাকলেও মামলাটি পুলিশ করেছে, তিনি করেননি।
সদর থানার ওসি মোখলেসুর রহমান বলেন, তারা বিএনপি-জামায়াতের কর্মী কি না, তা তদন্ত করে দেখা হবে।
পুলিশ সুপার আবু সাইম বলেন, মামলায় তাদের নাম অন্তর্ভুক্তির বিষয়টি তদন্ত করা হবে। কাউকে হয়রানি করা হচ্ছে না।