
কাঞ্চন শিল্পাঞ্চল (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। যেকোনো উসকানিতে ধৈর্য ধরতে হবে। উসকানিদাতাদেরকেও আইনের আওতায় আনতে হবে। সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে। জেলায় জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে। ছেলে মেয়েদের মাদক থেকে দূরে রাখতে হবে।
৫ আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে পালিয়ে গেছেন।’ গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, ‘পটকাবাজি, বোমাবাজি বাসে আগুন লাগানো মানুষকে উসকানি দেয়া আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগ আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। পরে নামফলক উন্মোচন করে দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা. মো: আজিজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








