কারিগরি শিক্ষায় দক্ষ হলে চাকরির পেছনে ছুটতে হবে না : সিসিক প্রশাসক

সিলেট ব্যুরো

Advertisement

প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, কারিগরি ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন করলে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং তরুণরা স্বাবলম্বী হতে পারবেন।
গত সোমবার সকালে নগরীর চৌহাট্টায় সিসিক পরিচালিত ‘ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের’ বিভিন্ন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনকারীদের চাকরির পেছনে ছুটতে হবে না। চাকরিদাতারা তাদের খুঁজে নেবেন, পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও তারা নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবেন। তিনি বলেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে কারিগরি ও আইটি শিক্ষায় দক্ষতা বাড়াতে হবে। তার প্রত্যাশা, এ প্রতিষ্ঠান থেকে প্রতিবছর কয়েকশ তরুণ-তরুণী প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানে যুক্ত হবেন।
প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হোসনে আরা লাইজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রশাসনিক কর্মকর্তা শাকিল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিসিকের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ।