
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসে এক কিশোরীকে (১৫) ধর্ষণের চেষ্টার অভিযোগে বাসচালকসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গত সোমবার রাত ২টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন, বাসের চালক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া গ্রামের ইয়াসিন সরকারের ছেলে রবিউল কবির সরকার (২৫), সুপারভাইজার ওই জেলার সদর উপজেলার হয়বদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মাহবুুবুর রহমান (৩০) ও চালকের সহকারী নাটোর সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের মরহুম ফিরোজ মোল্লার ছেলে হালিম মোল্লা (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে ভিকটিম ঢাকায় যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় এইচপি পরিবহণের যাত্রীবাহী বাসে ওঠেন। বাসটি ঢাকায় না গিয়ে রাত দেড়টার সময় ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছে। অন্য যাত্রীদেরকে নামিয়ে দিয়ে কিশোরীকে বাসের ভেতরে চালকসহ তার সহযোগীরা মিলে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভিকটিমের ডাক চিৎকারের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ভিকটিম জানান, সোমবার দুপুরে তার মায়ের সাথে ঝগড়া করে ঢাকায় উদ্দেশে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকেন। এ সময় বাসের হেল্পার তাকে বাসে তুলেন।
পরে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার তাকে ধর্ষণ করার চেষ্টা করেন। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভিকটিমের বাবা বাদি হয়ে একটি মামলা করেছেন। গ্রেফতারদেরকে আদালতে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








