কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী বাস্তবে অস্তিত্বহীন
চাঁদপুরের মতলবে ইসলামিক ফাউন্ডেশনের একটি প্রাক-প্রাথমিকের কেন্দ্র : নয়া দিগন্ত।

সুমন আহমেদ মতলব উত্তর (চাঁদপুর)

Advertisement

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি খাতায় ২২৭টি কেন্দ্রে সাত হাজারের বেশি শিক্ষার্থী নিয়মিত পড়ালেখা করার কথা থাকলেও, সরেজমিনে বেশির ভাগ কেন্দ্রে শিক্ষার্থী ও পাঠদানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ এসব কেন্দ্রের শিক্ষকরা নিয়মিত সরকারি সম্মানী ভাতা তুলে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, মতলব উত্তর উপজেলায় বর্তমানে ২২৭টি কেন্দ্র পরিচালিত হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক ১২২টি কেন্দ্রে (প্রতিটিতে ৩০ জন করে) তিন হাজার ৬৬০ জন এবং সহজ কোরআন শিক্ষায় ১০৫টি কেন্দ্রে (প্রতিটিতে ৩৫ জন করে) তিন হাজার ৬৭৫ জন- মোট সাত হাজার ৩৩৫ জন শিক্ষার্থী নিবন্ধিত রয়েছে। এসব কেন্দ্রের ২২৭ জন শিক্ষক প্রতি মাসে ছয় হাজার টাকা করে সম্মানী পান, যার বার্ষিক পরিমাণ প্রায় এক কোটি ৬৩ লাখ টাকা।
গত ১ থেকে ৯ নভেম্বর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত ৩৮টি কেন্দ্র সরেজমিন পরিদর্শন করে সরকারি হিসাবের সাথে বাস্তবতার বড় ধরনের অমিল পাওয়া যায়। বেশির ভাগ প্রাক-প্রাথমিক কেন্দ্রে ৩০ জন শিক্ষার্থীর কথা বলা হলেও উপস্থিত পাওয়া গেছে মাত্র ৯ থেকে ১০ জন। কোরআন শিক্ষাকেন্দ্রগুলোর অনেকগুলোই নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে দেয়া হয়। কোথাও ঝুলছে তালা, আবার কয়েকটি কেন্দ্র নির্ধারিত ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি।
উপজেলার মিঠুরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক মো: ফয়সাল আহমেদ জানান, অনিয়মের প্রতিবাদে তিনি গত আগস্টে কেন্দ্র বন্ধের আবেদন করেছেন। তিনি বলেন, ছাত্রছাত্রী না থাকলেও হাজিরা ও মূল্যায়ন ঠিক রাখতে হয়। আমি এই অসত্য কাজের সাথে থাকতে চাই না। সরেজমিনে মুন্সীকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে গিয়েও ৯ তারিখে ছাত্র-ছাত্রীদের হাজিরা খাতায় কেবল ৪ তারিখ পর্যন্ত উপস্থিতি এবং নামমাত্র শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়।
একইভাবে দুর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি প্রাক-প্রাথমিক কেন্দ্রে কাগজে ৩০ জন শিক্ষার্থী থাকলেও উপস্থিত পাওয়া যায় মাত্র সাতজন। হাজিরা খাতায় গত ৪ তারিখের পর কোনো উপস্থিতি নেই। এ বিষয়ে শিক্ষক নুরুন্নাহার দাবি করেন, আবহাওয়া পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা অসুস্থ থাকায় উপস্থিত কম। অন্য দিকে কলাকান্দা ইউনিয়নের মিলারচর এলাকার বাসিন্দা আলী আশাদ বেপারী জানান, ওই কেন্দ্রটি বেশিরভাগ সময়ই বন্ধ থাকে এবং মাঝেমধ্যে পাঁচ-সাত জন শিক্ষার্থী আসে।
অভিযোগের বিষয়ে মতলব উত্তর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জাহিদুল হক বলেন, দায়িত্বে অবহেলা বা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি মাহমুদা কুলসুম বলেন, কার্যক্রমহীনভাবে সরকারি অর্থ অপচয় করার কোনো সুযোগ নেই। ৩০ জনের কম শিক্ষার্থী থাকলে পরবর্তী বছর সংশ্লিষ্ট কেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হবে।