
- ৬০টি কেন্দ্রের মধ্যে টিকে আছে মাত্র একটি
- হাওরে দেশী মাছের সঙ্কট ও আধুনিক সুবিধার অভাব
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ নিকলীতে দেশী মাছের সঙ্কট, প্রাকৃতিক পরিবেশের অবনতি এবং আধুনিক সুবিধার অভাবে হারিয়ে যাওয়ার মুখে ঐতিহ্যবাহী শুঁটকি উৎপাদন শিল্প। একসময় এই জনপদে প্রায় অর্ধশত শুঁটকি উৎপাদন কেন্দ্র থাকলেও বর্তমানে নানা সঙ্কটে প্রায় সবই বিলুপ্ত হয়ে গেছে। শুধু টিকে রয়েছে একটিমাত্র কেন্দ্র, তাও চলছে ধীরগতিতে।
স্থানীয় আড়ত ব্যবসায়ী শিশির কুমার সরকার জানান, আগে প্রতি মাসে নিকলীর বাজার থেকে পাঁচ থেকে সাত হাজার মণ শুঁটকি দেশের বিভিন্ন স্থানে বিক্রি হতো। বর্তমানে শুঁটকি বিক্রির হিসাব নেমে এসেছে দুই থেকে আড়াই হাজার মণে। একসময় এলাকাটিকে ৫০ থেকে ৬০টির বেশি শুঁটকি কেন্দ্র ছিল। কিন্তু ১২-১৫ বছরের ব্যবধানের কমে বর্তমানে হাতেগোনা দু-একটি কেন্দ্র টিকে আছে।
কিশোরগঞ্জ জেলার হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি ও অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল মাছ ধরা এবং শুঁটকি উৎপাদন। বর্ষার পানি কমতে শুরু করলে জেলেরা পুঁটি, টাকি, শোল, বোয়াল ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতির দেশী মাছ আহরণ করতেন। বাঁশের তৈরি মাচা বা চাটাইয়ে প্রাকৃতিক রোদে শুকিয়ে তৈরি করা হতো সুস্বাদু শুঁটকি। এই কাজে পুরুষদের পাশাপাশি গ্রামীণ নারীরাও যুক্ত থাকায় এটি ছিল কর্মসংস্থান ও পারিবারিক আয়ের অন্যতম উৎস। এ ছাড়া কিশোরগঞ্জের বিখ্যাত ‘চ্যাপা শুঁটকি’র রয়েছে দেশজুড়ে ও বিদেশে ব্যাপক চাহিদা। কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজারের হাটে প্রতি দিন কোটি টাকার ওপরে শুঁটকি বিক্রি হয়, যার সাথে নিকলীর জেলেদের সম্পৃক্ততা রয়েছে।
একসময়ের রমরমা অবস্থায় নিকলীতে প্রায় ৫০ থেকে ৬০টি শুঁটকি উৎপাদন কেন্দ্র থাকলেও বর্তমানে তার সবকটিই বিলুপ্ত। তবে নিকলী উপজেলার দামপাড়ায় একটি শুঁটকি উৎপাদন কেন্দ্র কোনোমতে টিকে রয়েছে। আধুনিক সুযোগ সুবিধা ও হাওরে দেশী মাছের অভাবকে দায়ী করেছেন ব্যবসা সংশ্লিষ্টরা। কেন্দ্রটির মালিক মাসুদ মিয়া জানান, এটি তাদের পারিবারিক ব্যবসা হওয়ায় তারা এটি টিকিয়ে রেখেছেন। তবে হাওরে আগের মতো মাছ পাওয়া যায় না বিধায় লাভের অংশ খুবই সীমিত। মাছ শুকানোর পর তা চার ভাগের এক ভাগে নেমে আসে। অথচ খরচের তুলনায় বাজারে কাক্সিক্ষত দাম পাওয়া যায় না; বর্তমানে প্রতিমণ শুকনো মাছ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ হাজার টাকায়।
সংশ্লিষ্টদের মতে, কাঁচা মাছের সরবরাহ নিশ্চিত করা এই খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাছ সংগ্রহের ব্যয়, শ্রমিকের মজুরি, পরিবহন ও সংরক্ষণ খরচ বাড়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ের পরিবেশগত পরিবর্তন, মাছের প্রজননক্ষেত্র সঙ্কোচন, অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার এবং জমিতে কীটনাশকের প্রভাবে হাওরের মৎস্যসম্পদ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। অন্য দিকে, আধুনিক শুকানোর চাতাল, স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াজাতকরণ, নিরাপদ সংরক্ষণাগার এবং সহজ শর্তে ঋণ সুবিধার অভাবও এই শিল্পের সামনে বড় বাধা।
উপজেলা মৎস কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম জানান, হাওরে দেশী মাছের উৎপাদন কমে যাওয়ায় অনেকগুলো উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। বড় স্কেলে কোথাও উৎপাদন হচ্ছে না। এ ছাড়া আগে হওরের দেশী মাছ স্থানীয় বাজারগুলোতে বিক্রি হলেও বর্তমানে তা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বাজারে চলে যাচ্ছে; এটিও একটি বড় কারণ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








