
নয়া দিগন্ত ডেস্ক
দুই মেয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। স্ত্রীকে নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে ব্যস্ত বাণিজ্যিক এলাকা গুরগাঁওয়ে থাকেন এস বুধিরাজা। কোথাও বের হলে তাদের সঙ্গী হন এক তরুণ। নাম তার রনি রাজু। ২৬ বছর বয়সী এই তরুণ বুধিরাজা দম্পতির ভাড়া করা ‘নাতি’।
ভাড়া করা ‘নাতি-নাতনী’র ধারণাটি ধীরে ধীরে বাড়ছে ভারতের বিভিন্ন শহরে। এই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়ে চলেছে। যে প্রবীণেরা একা থাকেন, তাদের দেখাশোনা ও সঙ্গ দেয়া এই প্রতিষ্ঠানগুলোর কর্মীদের কাজ। তারা প্রবীণদের মন্দিরে নিয়ে যান, হাসপাতালে চিকিৎসকের সাথে দেখা করার সময় পাশে বসে থাকেন, তাস খেলেন কিংবা তাদের কথা শোনেন। কোনো কোনো প্রতিষ্ঠান এ ধরনের কর্মীদের পরিচয় দিচ্ছে ‘ভাড়ায় নাতি-নাতনী’ হিসেবে।
সবচেয়ে জনবহুল দেশ ভারতে প্রবীণের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। জাতিসঙ্ঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের যৌথভাবে প্রকাশিত ‘ইন্ডিয়া এজিং রিপোর্ট ২০২৩’ অনুযায়ী, ২০২২ সালে ভারতের মোট জনসংখ্যার ১০ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ৬০ বছরের বেশি। ২০৫০ সাল নাগাদ এ হার প্রায় দ্বিগুণ হয়ে ২১ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
এর অর্থ, ২০৫০ সালের মধ্যে ভারতে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ প্রবীণ মানুষের বিশেষায়িত সেবার প্রয়োজন হবে। সংখ্যাটি বিশ্বের তৃতীয় সর্বাধিক জনবহুল দেশ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় সমান।
এই সম্ভাবনাকে কাজে লাগাতে এগিয়ে আসছে ভারতের বেশ কয়েকটি স্টার্টআপ বা নতুন উদ্যোগ। দেশটির সরকারের হিসাব অনুযায়ী, প্রবীণদের সেবাসংশ্লিষ্ট শিল্পের বাজারমূল্য প্রায় ৭০০ কোটি ডলার।
সামাজিক কাজে স্নাতকোত্তর ডিগ্রিধারী রনি রাজু গুরগাঁওয়ে এমনই একটি প্রতিষ্ঠানে কাজ করেন। কয়েক মাস ধরে তিনি বুধিরাজা দম্পতির দেখাশোনা করছেন। আশি পেরোনো বুধিরাজা বলেন, ‘প্রথম থেকেই ওর সাথে আমার স্বাচ্ছন্দ্যবোধ তৈরি হয়েছে। আমার মনে হয়, সে আমাকে ২০০ পার্সেন্টেরও বেশি বোঝে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








