ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজের বিনোদন পার্ক প্রকল্পের বিরুদ্ধে ফ্রান্সে বিক্ষোভ

ফ্রান্স প্রতিনিধি

Advertisement

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পিত ৬০০ কোটি ইউরোর বিশাল বিনোদন পার্ক প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন পরিবেশবাদী ও স্থানীয় বাসিন্দারা। গত রোববার ফ্রান্সের ভাল-দ্য-ওয়াজ বিভাগের সের্জি এলাকায় কয়েক ডজন বিক্ষোভকারী সমবেত হয়ে এ প্রকল্পের বিরোধিতা করেন।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্যারিসের উত্তর-পশ্চিমে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সের্জি-পন্তোয়াজ এলাকায় তিনটি থিম পার্ক নির্মাণ করা হবে। এর মধ্যে একটি পার্ক জাপানি মাঙ্গা ও অ্যানিমেশন জগতের ওপর ভিত্তি করে গড়ে তোলার কথা রয়েছে। প্রকল্পটিতে মোট বিনিয়োগের পরিমাণ ধরা হয়েছে ৬০০ কোটি ইউরো।
ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ গত আগস্টের শেষ দিকে প্রকল্পটি নির্মাণের ঘোষণা দেন। জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে রিয়াদে দুই নেতার বৈঠকের সময় মাঙ্গা, বিশেষ করে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘ড্রাগন বল জেড’-এর প্রতি তাদের অভিন্ন আগ্রহ থেকে এ প্রকল্পের ধারণার সূত্রপাত হয়। তবে পরিবেশবাদীদের কাছে এই পরিকল্পনা উন্নয়নের চেয়ে পরিবেশের জন্য বড় ধরনের হুমকি। বিক্ষোভকারীরা প্রকল্পটিকে ‘অপ্রয়োজনীয় ও ক্ষতিকর’ উল্লেখ করে বলেন, জলবায়ু পরিবর্তন ও তীব্র তাপপ্রবাহের এই সময়ে নতুন করে প্রাকৃতিক জমি ধ্বংস করে বিপুলসংখ্যক পর্যটক আনার পরিকল্পনা সম্পূর্ণ সময়োপযোগিতাহীন।
প্রকল্পটির বিরুদ্ধে আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন নোত্র-দাম-দে-লঁদের বিমানবন্দরবিরোধী আন্দোলনের অভিজ্ঞ কর্মীরাও। তারা স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি আন্দোলনের কৌশল নিয়েও আলোচনা করছেন।
এদিকে প্রকল্পটির প্রকৃত পরিকল্পনা ও পরিসর নিয়েও অস্পষ্টতা রয়েছে। শুরুতে ড্রাগন বলভিত্তিক পার্কের কথা আলোচনায় এলেও পরবর্তী সময়ে মাঙ্গা জগতের ওপর বৃহত্তর বিনোদনকেন্দ্র এবং ‘সমন্বিত পর্যটন গন্তব্য’ নির্মাণের কথা বলা হচ্ছে। কিন্তু এর সুনির্দিষ্ট রূপরেখা এখনো পরিষ্কার নয়।
পরিবেশবাদীদের আশঙ্কা, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস, জীববৈচিত্র্যের ক্ষতি, যানজট ও পরিবেশদূষণ বাড়বে। তাদের দাবি, উন্নয়নের নামে স্থানীয় মানুষের মতামত উপেক্ষা করে প্রকৃতি ও কৃষিজমি ধ্বংসের সিদ্ধান্ত নেয়া উচিত নয়।