
নিজস্ব প্রতিবেদক
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা ছাড়া দেশজুড়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। এসব ঘটনার দায় সরকার এড়াতে পারে না। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। একই দিন শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে দেয়া আরেক বিবৃতিতে তিনি গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সব অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসসহ গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘিœত করছে। সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালত প্রাঙ্গণসহ দেশের অন্তত ৫০টি স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন এবং ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফরিদপুরে বাসে আগুনে কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এসব ঘটনা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।
তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সংবিধান ও রাষ্ট্রকাঠামো সংস্কার না করায় ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হয়েছে। বিএনপি সরকার এসব ঘটনার দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা ও বিস্ফোরণের ঘটনা কঠোর হাতে দমন করতে হবে। একই সাথে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সংবিধান ও রাষ্ট্রকাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। অন্যথায় জনগণের ন্যায্য দাবি আদায়ে জামায়াত নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান তিনি।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিবৃতি
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে দেয়া বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবন উৎসর্গ করেন নূর হোসেন। তার আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের পরও দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হয়নি। গণতন্ত্রের নামে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক আধিপত্য, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং নাগরিক অধিকার হরণের প্রবণতা গ্রহণযোগ্য নয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণতন্ত্র কেবল ক্ষমতার পালাবদল নয়; জনগণের ভোটাধিকার, রাজনৈতিক স্বাধীনতা, আইনের শাসন, জবাবদিহিমূলক সরকার ও মৌলিক অধিকার নিশ্চিত করাই এর প্রকৃত অর্থ। শহীদ নূর হোসেনের আত্মত্যাগের মর্যাদা দিতে হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য সব অগণতান্ত্রিক শক্তি ও স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মাদরাসায় অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের সুচিকিৎসা ও তদন্ত দাবি
এ দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম আক্রান্ত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত এবং অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
মাওলানা আবদুল হালিম আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। একই সাথে শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার দাবি জানান তিনি।
বিবৃতিতে তিনি আরো বলেন, মাদরাসায় অগ্নিকাণ্ডের কারণ নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। কারো অবহেলা, দায়িত্বহীনতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








