ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাস, অনুসন্ধানে বিশেষজ্ঞ দল

  কক্সবাজার অফিস

Advertisement

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীর মাটির গভীরে বড় ধরনের প্রাকৃতিক গ্যাসের মজুদ থাকার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসে আগুন ধরে যাওয়ার পর টানা ১৫ দিন ধরে তা জ্বলছে। একইসাথে অব্যাহত রয়েছে পানির প্রবাহ। গ্যাসের প্রবাহ ও স্থায়িত্ব পর্যবেক্ষণ শেষে গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ৯ সদস্যের বিশেষজ্ঞ দল। তাদের প্রাথমিক পর্যবেক্ষণে ভূগর্ভে বড় গ্যাসের মজুদ থাকার সম্ভাবনা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ নিশ্চিত হতে প্রয়োজন আরো পরীক্ষা-নিরীক্ষা ও ভূতাত্ত্বিক অনুসন্ধান।
মঙ্গলবার সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেন বাপেক্সের বিশেষজ্ঞরা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার রফিকুল ইসলাম।
তিনি জানান, গত ১৫ দিন ধরে গ্যাসের প্রবাহ, চাপ ও স্থায়িত্ব পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময়ে গ্যাসের প্রবাহ ও চাপ প্রায় একই মাত্রায় অব্যাহত থাকায় বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তবে এভাবে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেয়া ঝুঁকিপূর্ণ। তাই প্রথম অগ্রাধিকার হিসেবে কূপটি নিরাপদে বন্ধ করে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো জানান, কূপের নিরাপত্তা নিশ্চিত করার পর গ্যাসের উৎস, বিস্তৃতি ও সম্ভাব্য মজুদ নির্ণয়ে ভূতাত্ত্বিক জরিপ করা হবে। একইসাথে এ অঞ্চলে গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
কী পাওয়া গেছে ১৫ দিনের পর্যবেক্ষণে : সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় গভীর নলকূপ খননের সময় আনুমানিক এক হাজার ফুট গভীরে পৌঁছানোর পর ভূগর্ভ থেকে হঠাৎ গ্যাস নির্গত হতে শুরু করে। একপর্যায়ে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা ১৫ দিন ধরে গ্যাসের আগুন ও পানির প্রবাহ অব্যাহত রয়েছে।
প্রাথমিক পর্যবেক্ষণে গ্যাসের প্রকৃতি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি থার্মোজেনিক গ্যাস হতে পারে। ভূগর্ভের গভীরে দীর্ঘ সময় ধরে তাপ ও চাপের প্রভাবে জৈব পদার্থ থেকে সাধারণত এ ধরনের গ্যাস তৈরি হয়। তবে গ্যাসের প্রকৃতি শনাক্ত করা এবং সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ থাকা এক বিষয় নয়। এ জন্য গ্যাসের রাসায়নিক বিশ্লেষণ, ভূতাত্ত্বিক কাঠামো, চাপ ও প্রবাহের হার নির্ণয় জরুরি।
প্রথমে নিয়ন্ত্রণ, পরে অনুসন্ধান : বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ গ্যাসের চাপ বিবেচনায় না নিয়ে হঠাৎ আগুন নেভানো বা কূপের মুখ বন্ধ করার চেষ্টা বিপজ্জনক হতে পারে। এতে অন্য কোনো দুর্বল স্তর দিয়ে গ্যাস বেরিয়ে নতুন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ কারণে প্রথম পর্যায়ে নিরাপদ উপায়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। প্রয়োজনে পরবর্তী সময়ে রিলিফ কূপ খননের মতো কারিগরি পদক্ষেপও বিবেচনা করা হতে পারে।
কূপটি নিরাপদে নিয়ন্ত্রণে আনার পর ভূগর্ভে গ্যাসের বিস্তৃতি ও সম্ভাব্য মজুদ নির্ধারণে বিস্তারিত ভূতাত্ত্বিক অনুসন্ধান এবং দ্বিমাত্রিক (২-ডি) সিসমিক জরিপের প্রয়োজন হতে পারে। এ জরিপের মাধ্যমে মাটির নিচে গ্যাস ধারণের উপযোগী স্তর ও ভূতাত্ত্বিক কাঠামো সম্পর্কে ধারণা পাওয়া যাবে। অনুসন্ধানে ইতিবাচক ফল মিললে পরীক্ষামূলক কূপ খননসহ বাণিজ্যিক উত্তোলনের সম্ভাবনা যাচাই করা হবে।
ঘটনাস্থলে ১৪৪ ধারা : নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের চারপাশের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পেট্রোবাংলা, বাপেক্স ও প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।