
সংসদ প্রতিবেদক
বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে।
গতকাল জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়। স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেয়া হয়।
অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান এ তথ্য জানান।
সংসদ সদস্য কেরামত আলী জানতে চেয়েছিলেন, বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কী কারণে এগুলো নিষ্পত্তি হয়নি এবং কবে নাগাদ হবে, এর কোনো রোডম্যাপ আছে কি না?
উত্তরে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণœ হওয়ার আশঙ্কা রয়েছে কি না- তা বিবেচনা করে মামলা প্রত্যাহারের সুপারিশ করে থাকে।
সরকারি দফতরে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার ৯২২
দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতরসহ সরকারি দফতরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর পাঁচ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্য পদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার।
বিপুল এই শূন্য পদ পূরণের উদ্যোগ বিষয়ে বলা হয়, বর্তমান সরকার ইতোমধ্যে ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।
দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্য পদের বিপরীতে নিয়োগের বিষয়ে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে।
বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’
বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাকে প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এখন থেকে প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে মুদ্রণ ও সংরক্ষণ- পুরো প্রক্রিয়ায় আনা হয়েছে আমূল পরিবর্তন। ব্যবহার করা হচ্ছে ফেসলক প্রযুক্তি, আর প্রশ্ন ছাপা হচ্ছে পিএসসির নিজস্ব প্রেসে।
অধিবেশনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো: আব্দুল বারী এ তথ্য জানান।
তিনি পিএসসির নেয়া বেশ কয়েকটি আধুনিক ও কঠোর পদক্ষেপের কথা সংসদে তুলে ধরেন। পদক্ষেপগুলো হলো : নিজস্ব ডিজিটাল প্রেসে প্রশ্ন মুদ্রণ : আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে ছাপা হতো। বর্তমানে তা পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে মুদ্রিত হচ্ছে। প্রশ্নপত্র মুদ্রণের সাথে যুক্ত সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা মুদ্রণ শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রেসেই অবস্থান করেন। এ সময় তাদের কাছে বাইরের সাথে যোগাযোগের জন্য কোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস থাকে না। পুরো কার্যক্রমটি পিএসসি চেয়ারম্যান নিজে মনিটরিং করেন।
ভল্টে ‘ফেসলক’ ও সার্বক্ষণিক পুলিশ : এখন শুধু সংশ্লিষ্ট বিজ্ঞ সদস্য এবং মনোনীত কর্মকর্তারা ‘ফেস লকের’ মাধ্যমে ভল্টরুমে প্রবেশ করতে পারেন। ভল্টরুমের নিরাপত্তায় সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।
বাসায় নয়, কমিশনে বসেই প্রশ্ন প্রণয়ন : আগে প্রশ্নকর্তারা বাসা থেকে প্রশ্ন তৈরি করে কমিশনে জমা দিতেন। বর্তমানে তারা পিএসসিতে এসে গোপনীয় কক্ষে বসে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করেন এবং তা সিলগালা অবস্থায় সরাসরি সংশ্লিষ্ট বিজ্ঞ সদস্যের কাছে জমা দেন। ওই দিনই তা ভল্টে সংরক্ষণ করা হয়। এছাড়া প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। খাতা মূল্যায়নে কড়াকড়ি ও অটোমেশন : লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকরা উত্তরপত্র বাসায় নিতে পারেন না। কমিশনে এসে টিমের মাধ্যমে খাতা মূল্যায়ন করতে হয়। এছাড়া আবেদন গ্রহণ থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত কার্যক্রম অটোমেশন করা হয়েছে। ওএমআর মেশিনের মাধ্যমে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রস্তুত করায় এতে দুর্নীতির কোনো সুযোগ নেই।
মৌখিক পরীক্ষায় শতভাগ স্বচ্ছতা : মৌখিক বা ভাইভা পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে নির্ধারণ করা হয় কোন প্রার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন।
প্রধান নদ-নদীর সুরক্ষায় মহাপরিকল্পনা
প্রতি বছর নদীভাঙন রোধে আপৎকালীন স্বল্পমেয়াদি কাজ করা হলেও তা স্থায়ী প্রতিরক্ষাব্যবস্থা নয়। তাই নদীর পরিবর্তনশীল গতিপ্রকৃতির কথা মাথায় রেখে স্থায়ী সমাধানের লক্ষ্যে দেশের প্রধান প্রধান নদ-নদীর জন্য সমন্বিত দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি তিস্তা অববাহিকা নিয়ে একটি সমীক্ষা এবং দেশের সব খালের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির কাজও হাতে নেয়া হয়েছে। অধিবেশনে সংরক্ষিত নারী আসন-৪১ এর সংসদ সদস্য মাহফুজা হালানের এক লিখিত প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সরকারের এসব পরিকল্পনার কথা সংসদে তুলে ধরেন।
যমুনা ও পদ্মায় তীর সংরক্ষণ প্রকল্প
সংসদে জানানো হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় দেশের প্রধান প্রধান নদ-নদীর জন্য এই মহাপরিকল্পনা নেয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও ঢাকা জেলায় যমুনা ও পদ্মা নদীর ঝুঁকিপূর্ণ অংশে তীর সংরক্ষণের জন্য ‘নদী সিস্টেমের অভিযোজনভিত্তিক ব্যবস্থাপনা’ নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে, যা বর্তমানে পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিস্তা নিয়ে বিশেষ সমীক্ষা
মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরো জানান, উত্তরাঞ্চলের তিস্তা নদী অববাহিকার বন্যা ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, সেচসুবিধা সম্প্রসারণ, পরিবেশ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে সমন্বিত ও টেকসই ব্যবস্থাপনার জন্য একটি পৃথক সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে।
খালের সীমানা নির্ধারণ ও পূর্ণাঙ্গ ডাটাবেজ
নদী ব্যবস্থাপনার পাশাপাশি খাল রক্ষায়ও জোর দিচ্ছে সরকার। দেশের সব খাল চিহ্নিতকরণ, শ্রেণীবিন্যাস, সীমানা নির্ধারণ ও জিও-ইনফরমেটিক ডাটাবেজ তৈরির লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি কারিগরি প্রকল্প গ্রহণ করেছে। এর আওতায় সিএস ও আরএস ম্যাপ অনুযায়ী যাচাই করে সংস্থাভিত্তিক বিভাজনসহ খালের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হবে।
পর্যায়ক্রমে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে নদীভাঙন রোধ, নাব্যতা বৃদ্ধি, পানি সংরক্ষণ এবং বন্যা ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে সংসদে জানানো হয়।
সরকার গঙ্গা ও তিস্তা নদীর পানি চুক্তির জন্য কাজ করছে
তিস্তা নদীর পানি বণ্টনবিষয়ক কোনো চুক্তি নেই বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সরকার গঙ্গা ও তিস্তাসহ অন্যান্য আন্তঃসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে চুক্তির জন্য কাজ করছে বলে তিনি জানান। জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের এক প্রশ্নের লিখিত উত্তরে পানিসম্পদমন্ত্রী এসব কথা জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








