
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেন। তার সফর শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে দীর্ঘদিন ঝুলে থাকা গুরুত্বপূর্ণ এই শ্রমবাজারটি উন্মুক্তের সব বাধাই দূর হয়ে যায়। এর পরও কী কারণে এখনো মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশী কর্মীরা যেতে পারছেন না, তা নিয়ে নানা জন নানা ধরনের কথা বলছেন।
ইতোমধ্যে দেশটির শ্রমবাজারের কর্মী পাঠানোর প্রক্রিয়ার সাথে সম্পৃক্তদের অনেকেই শত শত কোটি টাকা বিনিয়োগ করে বসে আছেন। কোনো কারণে শ্রমবাজারটি যদি (হাতছাড়া) ঝুলে যায়, তা হলে বিনিয়োগের সাথে জড়িত অনেকেই বড় ধরনের বেকায়দায় পড়ে যাবেন। তার মধ্যে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অগ্রিম টাকা নেয়া আর ব্যাংক থেকে দৈনিকভিত্তিক সুদে টাকা নিয়ে মালয়েশিয়ায় পাঠানো মালিকদের পরিস্থিতি আরো বেগতিক হয়ে যাবে।
তবে মালয়েশিয়ার ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত এমন একাধিক রিক্রুটিং এজেন্সির মালিকরা নয়া দিগন্তকে বলেছেন, এবার যারাই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যবসা করবেন তাদের শতবার ভেবেচিন্তে তার পর বিনিয়োগ করতে হবে।
তাদের কেউ কেউ আশঙ্কা করে বলছেন, শ্রমবাজার খোলার বিষয়ে মোটামুটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে মালয়েশিয়া সরকার এবার যে পরিমাণ কোটা বাংলাদেশীদের জন্য বরাদ্দ দেবে তার থেকে ২০ গুণেরও বেশি বিদেশগামী কর্মীর পাসপোর্ট ও জামানতের টাকা দালালদের হাত ধরে রিক্রুটিং এজেন্সির মালিকদের হেফাজতে চলে গেছে। ওই সব লোকই এবার স্বাস্থ্য পরীক্ষাসহ নানাভাবে প্রতারিত হতে পারেন।
গতকাল ঢাকার পুরানা পল্টনের একজন অভিজ্ঞ ব্যবসায়ী নয়া দিগন্তকে নিজের পরিচয় গোপন রাখার শর্তে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে দিন প্রথম সরকারি সফরে মালয়েশিয়া গিয়েছিলেন তার এক সপ্তাহের মধ্যেই দীঘদিন ঝুলে থাকা শ্রমবাজারটি খোলার বিষয়ে সব ধরনের জটিলতা সহজ হয়ে যায়। এর পরও দিন যাচ্ছে, মাস যাচ্ছে কিন্তু শ্রমবাজার আর খুলছে না। কেন খুলছে না- এই প্রশ্ন এখন সবার। কাদের কারণে শ্রমবাজারে এখনো শ্রমিক যেতে পারছে না।
এমন প্রশ্নের উত্তরে ওই ব্যবসায়ী আপেক্ষ আর দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ‘কতিপয় প্রভাবশালীর’ ইচ্ছা পূরণ না হওয়ায় হয়তোবা এখনো শ্রমবাজারটি আলোর মুখ দেখতে পারছে না। তবে আপনি এটি জেনে রাখেন, মালয়েশিয়ার শ্রমবাজারে এবার যে ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম রয়েছে তাদের টাকা-পয়সার লেনদেন পর্বটি আরো অনেক আগেই শেষ হয়ে গেছে। কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য যে ১৭টি মেডিক্যাল সেন্টারের নাম প্রথমে ছিল তার সাথে দুই দিন আগে দাতো আমিনের বেস্টিটেন কোম্পানির এফডব্লিওসিএমএসের ওয়েবসাইটে নতুন করে মোট ৫১টি মেডিক্যাল সেন্টারের নাম প্রকাশ করা হয়েছে। এখন মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স দিলেই এসব মেডিক্যাল সেন্টার কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার গুরুত্বপূর্ণ ধাপ শুরু করতে পারবে। কিন্তু অদৃশ্য কারণে স্বাস্থ্য পরীক্ষার কাজটি আটকে আছে।
ওই ব্যবসায়ীর দাবি, মালয়েশিয়ার সাইটে একেকজন মেডিক্যাল সেন্টারের মালিক লবিং করে ১ মিলিয়ন রিংগিট খরচ করে মেডিক্যাল সেন্টারের নাম এফডব্লিওসিএমএসের তালিকায় তুলতে সক্ষম হয়েছে। এখন মেডিক্যাল সেন্টারের মালিকরা টেনশনে আছেন তারা কি তাদের পুঁজির টাকাগুলো বৈধভাবে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তুলতে পারবেন? যদি বৈধভাবে মেডিক্যাল করিয়ে পুঁজির টাকা তোলা সম্ভব না হলে তখন তারা একটি মাইগ্রামের বিপরীতে একাধিক ফ্রি মেডিক্যাল করিয়ে পুঁজির টাকা তোলার পাশাপাশি লাভের চিন্তা করবে।
দৈনিক বাংলা এলাকার একজন প্রবীণ ব্যবসায়ী নয়া দিগন্তকে বলেন, আমি সবসময় মালয়েশিয়ার শ্রমবাজারে পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে আছি।
তার মতে, মালয়েশিয়ার শ্রমবাজারে যেসব জটিলতা রয়েছে, সেটি খুব শিগগিরই দূর হয়ে যাবে। শ্রমবাজারটি খোলার পর যে পরিমাণ লোক কলিং ভিসায় যাওয়ার অনুমতি পাবে, তার থেকে ২০ গুণেরও বেশি লোক দেশেই একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা করানোসহ নানাভাবে প্রতারিত হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
তিনি মালয়েশিয়ার একজন সাবেক এমপিসহ বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলার উদ্ধৃতি দিয়ে নয়া দিগন্তকে বলেন, মালয়েশিয়া সরকার এবার সর্বোচ্চ দুই লাখ ১০ হাজারের মতো শ্রমিকের নামে কলিং ভিসার এপ্রুভাল দিতে পারে। যদিও দেশটির বিভিন্ন কোম্পানির চাহিদানুযায়ী এপ্রুভাল সাত লাখ ইমিগ্রেশনে জমা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক এক লাখ থেকে এক লাখ ২০ হাজার কলিং ভিসা বাংলাদেশী কর্মীদের নামে হতে পারে। এরই মধ্যে ৩০ হাজার থেকে ৪০ হাজার এপ্রুভাল বাংলাদেশের নামে হয়েছে। সত্যায়নও হয়েছে। বাকি এক লাখ কলিং ভিসা সোর্সকান্ট্রিভুক্ত অন্যান্য দেশের নামে হবে।
ওই ব্যবসায়ী আরো বলেন, এবার মালয়েশিয়া যাওয়ার জন্য ১৮ লাখ থেকে ২০ লাখ পাসপোর্টধারী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে রেজিস্ট্রেশন করেছে। এসব কর্মীর অনেকেই রিক্রুটিং এজেন্সি ও তাদের মনোনীত দালালদের হাতে পাসপোর্ট এর সাথে জামানত বাবদ নগদ বা চেকে কিছু টাকা জমা দিয়েছে। মূলত এসব লোকের প্রত্যেককেই যেকোনো উপায়ে এজেন্সি মালিক সংশ্লিষ্টদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর চেষ্টা করবে; অথচ মালয়েশিয়া সরকার বাংলাদেশের নামে কোটাই দেবে সর্বোচ্চ এক লাখ ২০ হাজারের মতো। তার মানে মালয়েশিয়া সরকার এবার যতগুলো কলিং ভিসা দেবে তার বিপরীতে ঢাকাতেই এর ২০ গুণেরও বেশি লোককে মেডিক্যাল করানোর চেষ্টা করবে। যদিও মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবার স্পষ্ট ঘোষণা দেয়া হয়েছে, এবার যতগুলো কলিং ভিসা হবে, তার থেকে ১০ ভাগ বেশি মেডিক্যাল সেন্টারগুলো কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবে। এর বেশি কেউ করলে এবং প্রমাণ মিললে ওই মেডিক্যাল সেন্টারের বিরুদ্ধে কঠোর ব্যবসা নেয়া হবে। বাস্তবে চড়া বিনিয়োগে নেয়া মেডিক্যাল সেন্টারগুলোর মালিকদের বেশির ভাগই উপায় না পেয়ে অবৈধ পন্থায় টাকা কামাই করার দিকেই তাদের নজর থাকবে বলে অনেকেই শঙ্কা করছেন। কারণ যে করেই হোক তাদের অদৃশ্য লগ্নিকৃত পুঁজির টাকা তো তুলতে হবে! তবে তারা এ-ও বলছেন, যদি মেডিক্যাল সেন্টারের সংখ্যা কম থাকত তাহলে কলিং ভিসার বিপরীতে মাইগ্রাম স্লিপ অনুযায়ী করা সম্ভব হতো।
তবে সঠিক কর্মীর মেডিক্যাল হবে নাকি হিসাবের অতিরিক্ত হবে, তার সব কিছু পরিষ্কার হবে কর্মীদের যে দিন থেকে স্বাস্থ্য পরীক্ষার আনুষ্ঠানিক ঘোষণা মন্ত্রণালয় থেকে আসবে।
অভিবাসন সংশ্লিষ্টদের সাথে আলাপ করে জানা গেছে, মালয়েশিয়ায় কর্মী প্রেরণের সাথে জড়িত মূল ২৫টি রিক্রুটিং এজেন্সির সাথে আরো ৩১২টি লাইসেন্স মালিককে সংযুক্তসহ মোট ৩৩৮টি এজেন্সিকে এবার কর্মী প্রসেসিংয়ের সাথে জড়িত থাকতে সরকার অনুমতি দিয়েছে।
গতবার শুধু সিন্ডিকেটে থাকা ১০০ রিক্রুটিং এজেন্সিকেই অনিয়মের অভিযোগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ধরতে পেরেছিল। এবার ২৫ এজেন্সি নয়, ৩৩৮ এজেন্সির প্রত্যেককেই আলাদাভাবে অনিয়মের অভিযোগে মন্ত্রণালয় ধরতে পারবে।
গতকাল মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নয়া দিগন্তকে বলেন, মালয়েশিয়া থেকে চাহিদাপত্র থেকে দেয়া শুরু হয়েছে। সেই চাহিদাপত্র যাচাই করে হাইকমিশন সত্যায়ন দিয়েছে, নতুন করে এফডব্লিওসিএমএসের ওয়েব সাইটে ৫১টি মেডিক্যাল সেন্টারের নামও প্রকাশিত হয়েছে। তার পরও কী কারণে শ্রমবাজারটি এখনো ঝুলে আছে সেই প্রশ্ন তো আমারও?
তিনি বলেন, এটি ওপর লেভেলের বিষয়। তবে যে ৫১টি মেডিক্যাল সেন্টারের নাম এসেছে সেগুলো মন্ত্রণালয় থেকে অবজারভ করা হচ্ছে। এই সংখ্যা আরো বাড়ার সম্ভবনা রয়েছে বলেও শোনা যাচ্ছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম জানান, ১১২টি পদের জন্য চার হাজার ২৯ জন অ্যাপ্লাই করেছিল।
এদিকে গতকাল মালয়েশিয়া থেকে একজন সাংবাদিক নয়া দিগন্তকে জানান, এবার শ্রমবাজার খোলার আগেই যে পরিস্থিতি দেখছি, খোলার পর পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এখনই একটি ভিসার দাম উঠেছে আট হাজার থেকে ১০ হাজার রিংগিট পর্যন্ত। এই হিসাবে যারা ভিসা কিনবে তাতে একজন কর্মীর বাংলাদেশ থেকে সব খরচ মিলিয়ে সাত লাখ থেকে আট লাখ টাকার নিচে যাওয়া সম্ভব হবে না। এখন দুই দেশের সরকার এই শ্রমবাজার টিকিয়ে রাখতে কতটুকু কঠোর হতে পারবেন, তা সময়ই বলে দেবে বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষক ও সচেতন রিক্রুটিং এজেন্সির মালিকরা।
যদিও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্পষ্ট বলে আসছেন, মালয়েশিয়ার শ্রমবাজারে তিনি কোনোভাবেই সিন্ডিকেট করে ব্যবসা মেনে নেবেন না।
গত সোমবার রাতে কাওরানবাজার এলাকার কাব্যকশ মার্কেটের একটি প্রতিষ্ঠানের মালিক এহসান নয়া দিগন্তকে বলেন, আমি মালয়েশিয়ায় গিয়ে যা দেখলাম তাতে এবার অনেক লোক বিদেশ যাওয়ার আগেই প্রতারিত হতে পারে। এই বিষয়ে সরকারকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত। এর পরও যদি মনিটরিংয়ের আওতায় আনা সম্ভব না হয় তাহলে ১৫ লাখ লোক মেডিক্যালের মাধ্যমে প্রতারিত হতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন। এই মুহূর্তে মালয়েশিয়াতে ভিসা কেনার নামে দালাল গিজ গিজ করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








