মাতারবাড়ী প্রকল্প নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে : ডা. শফিক
সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা : নয়া দিগন্ত।

সংসদ প্রতিবেদক

Advertisement

জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতারবাড়ি চুক্তি নিয়ে আলোচনা হয়। মাতারবাড়ি প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশ করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে নজিরবিহীন অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির প্রহসন এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, মাতারবাড়ি প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সাথে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রফতানি খাত তৈরী পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালানো হচ্ছে। ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 
বিরোধীদলীয় নেতার সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা মিশনের উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও।
বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সাথে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরো বাড়বে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।