
খালিদ সাইফুল্লাহ
সৌদি সরকার মাত্র পাঁচ হাজার কোটা বৃদ্ধি করায় এখনো বাংলাদেশের হজযাত্রী নিয়ে সঙ্কট কাটেনি। আর কোনো কোটা না বাড়লে প্রায় ১৫ হাজার ব্যক্তি হজে যেতে পারবেন না বলে উদ্বেগ প্রকাশ করেছেন হজ এজেন্সি মালিকরা। তবে ধর্মমন্ত্রী বলছেন, হজ কোটা নির্ধারণের আলোচনায় সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসে। এ সীমাবদ্ধতার মধ্যেও অন্য কোনো দেশ তাদের বরাদ্দ করা কোটা পূরণ করতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।
হজ এজেন্সি মালিকদের সূত্রে জানা গেছে, এ বছর গতবারের চেয়ে হজে যেতে ইচ্ছুক ব্যক্তির সংখ্যা বেড়েছে। এই সংখ্যা প্রায় ২০ হাজার বলে তারা জানিয়েছেন। হজ এজেন্সি মালিকদের অনুরোধের প্রেক্ষিতে ধর্মমন্ত্রণালয় থেকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে লিখিত আবেদন করা হয়।
তবে গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর হওয়ার সময় জানানো হয় বাংলাদেশ জন্য আগামী হজের জন্য মাত্র পাঁচ হাজার কোটা বৃদ্ধি করা হয়েছে। এতে আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন।
বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ হজ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের জন্য আরো পাঁচ হাজার হজ কোটা বাড়িয়েছেন। তিনি আরো জানান, হজ কোটা নির্ধারণের আলোচনায় সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসে। তবে এ সীমাবদ্ধতার মধ্যেও অন্য কোনো দেশ তাদের বরাদ্দ করা কোটা পূরণ করতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী। এ প্রসঙ্গে সৌদির মন্ত্রীর প্রতিশ্রুতি তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যা করার দরকার, আমরা করব’।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের নেতৃত্বের প্রশংসা করে দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী। একই সাথে হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।
এ প্রসঙ্গে বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার নয়া দিগন্তকে বলেন, হাবের পক্ষ থেকে সরকারের কাছে ২০ হাজার কোটার আবেদন জানালেও সরকার ভাউচার দেখে ১৭ হাজার ৫০০ কোটা বাড়ানোর জন্য সৌদিকে ডিও লেটার দিয়েছিল। সেখান থেকে পাঁচ হাজার কোটা বাড়ানো হয়েছে। তিনি জানান, সৌদি অন্য কোনো দেশের কোটা বাড়াইনি। শুধু বাংলাদেশের কোটা বাড়িয়েছে। এ বছর আর বাড়ানোর সম্ভাবনা নেই। এখন চাহিদার আনুপাতিক হারে হজযাত্রী পাঠাতে হবে। বাকি থাকা হজযাত্রীদের পরের হজে যেতে হবে।
হাব মহাসচিব বলেন, নতুন সরকার আসার পর হজযাত্রী বেড়েছে। এ কারণে আমাদের আগের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ ফিরিয়ে আনা প্রয়োজন। এ জন্য সরকারকে সৌদির সাথে উচ্চ পর্যায়ের যোগাযোগ বাড়ানো প্রয়োজন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








