
- সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’ বিল উত্থাপন
- সংসদ চলমান থাকতেই সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন, প্রশ্ন জামায়াতের এমপির
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণে বিশেষ বিধান রেখে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’ বিল উত্থাপন করা হয়েছে।
গতকাল বিলটি উত্থাপনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে পাঠোনো হয়েছে। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় সংসদে বিলটি উত্থাপনের পর এর বিরোধিতা করেন জমায়তের সংসদ সদস্য।
নতুন এ আইনের বিলে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য ক্যাপেক্স মডেলে পাঁচ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার ক্ষেত্রে সীমিত দরপত্র পদ্ধতি অনুসরণের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবহার বাধ্যতামূলক হবে না।
আইন অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি ও বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদ, আঙিনা, ভবনসংলগ্ন পতিত জমি ও জলাশয়ে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। তবে বৃহৎ ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এ আইনের আওতায় পড়বে না।
গত ১৯ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়েছে বলে গণ্য করা হয়েছে। এর আগে একই দিন জারি করা ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ রহিত করে আইনটি করা হয়েছে। অধ্যাদেশের অধীনে নেয়া কার্যক্রম ও ব্যবস্থা নতুন আইনের অধীনে গৃহীত হয়েছে বলে গণ্য হবে।
২ মডেলে সৌরবিদ্যুৎ স্থাপন
আইনে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য দু’টি বিনিয়োগ মডেল রাখা হয়েছে- ওপেক্স ও ক্যাপেক্স। ওপেক্স মডেলে সার্ভিস প্রোভাইডার নিজস্ব অর্থায়নে গ্রাহকের উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। উৎপাদিত বিদ্যুতের অংশ বা মূল্য চুক্তির শর্ত অনুযায়ী সমন্বয় করা হবে।
অন্য দিকে, ক্যাপেক্স মডেলে প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা কিনবে, স্থাপন করবে এবং এর মালিকানা সংরক্ষণ করবে। তবে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারাই ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় এ মডেলে সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবে। আইনে ওপেক্স মডেলকে অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে।
সার্ভিস প্রোভাইডার নির্বাচনের জন্য জেলাভিত্তিক যোগ্য প্রতিষ্ঠানের তালিকা করবে উপযুক্ত কর্তৃপক্ষ। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে গ্রাহক প্রতিযোগিতার মাধ্যমে সেবা প্রদানকারী নির্বাচন করবেন। তবে গ্রাহক চাইলে সার্ভিস প্রোভাইডার ছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানের সাহায্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবেন।
ত্রিপক্ষীয় চুক্তি বাধ্যতামূলক
আইনের আওতায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে। সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে চুক্তির আদর্শ নমুনা ও শর্ত নির্ধারণ করবে।
চুক্তিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থাপন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, মেরামত ও যন্ত্রপাতি প্রতিস্থাপনের দায়িত্ব নির্ধারণ করতে হবে। উৎপাদিত বিদ্যুতের বণ্টন, গ্রাহকের ব্যবহারের জন্য ন্যূনতম বিদ্যুতের অংশ, অতিরিক্ত বিদ্যুতের মূল্য, বিল পরিশোধ এবং নেট-মিটারিংয়ের মাধ্যমে হিসাব সমন্বয়ের বিষয়ও এতে অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রপাতি মেয়াদোত্তীর্ণ বা ব্যবহার অনুপযোগী হলে সেগুলোর নিরাপদ সংগ্রহ, পরিবহন, পুনর্ব্যবহার ও অপসারণের ব্যবস্থা রাখতে হবে। এ ক্ষেত্রে প্রস্তুতকারক, সরবরাহকারী বা সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে টেক-ব্যাক স্কিম বাস্তবায়নের বিধানও রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পলিসি কাউন্সিল
সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে নীতিগত দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠন করা হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, অর্থ এবং আইন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী এ কাউন্সিলের সদস্য থাকবেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বিদ্যুৎ বিভাগের সচিব এতে থাকবেন। বিদ্যুৎ বিভাগের সচিব কাউন্সিলের সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
কাউন্সিলের কাজ হবে সৌরবিদ্যুতের বিস্তার ও জাতীয় নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে নীতিগত দিকনির্দেশনা দেয়া, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় করা এবং নেট-মিটারিং, প্রণোদনা, ট্যারিফ কাঠামো ও বিনিয়োগ মডেলের অগ্রগতি পর্যালোচনা করা।
জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কারিগরি ও সমন্বয় কমিটি গঠন করা হবে। উপজেলা কমিটি প্রতি মাসে এবং জেলা কমিটি প্রতি তিন মাসে কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ওপরের কমিটিতে পাঠাবে।
চুরি ও ক্ষতিসাধনে কারাদণ্ড জরিমানা
আইনে সৌরবিদ্যুৎ বা এর যন্ত্রাংশ চুরির জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। চোরাই বলে জেনেও যন্ত্রাংশ কেনা, বিক্রি বা নিজের হেফাজতে রাখলেও একই শাস্তি হবে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থার কোনো যন্ত্রাংশের ক্ষতিসাধন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেয়া যাবে। উপযুক্ত কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া অন্য কাউকে অবৈধ সংযোগ দিলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, সংযোগ, পরিদর্শন বা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী কিংবা সার্ভিস প্রোভাইডারকে বাধা দিলেও সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।
আইনের অধীন অপরাধের বিচার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হবে। মোবাইল কোর্ট আইনের তফসিলভুক্ত হলে এসব অপরাধের বিচার মোবাইল কোর্টেও করা যাবে।
উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের সুযোগ
আইনে নেট-মিটারিংয়ের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থায় উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ রাখা হয়েছে। গ্রাহক নিজের বিদ্যুতের চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দিতে পারবেন। নির্ধারিত বিলিং মেয়াদে গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ বিদ্যুৎ বিলের সাথে সমন্বয় করা হবে। সমন্বয়ের পরও উদ্বৃত্ত বিদ্যুৎ থাকলে সরকার নির্ধারিত ট্যারিফ অনুযায়ী তার মূল্য পাওয়ার সুযোগ থাকবে।
আইনের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুৎ কেনার লক্ষ্যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে। তবে আইনের ৯ ধারায় সরকার বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠানকে নেট-মিটারিং সংক্রান্ত প্রণোদনামূলক কার্যক্রম ঘোষণা ও জারির ক্ষমতা দেয়া হয়েছে।
এ ছাড়া টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) তাদের ওয়েবসাইটে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার তথ্য সংরক্ষণ করবে এবং সেগুলো সচল রয়েছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করবে।
সংসদ চলমান থাকতেই সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন, প্রশ্ন জামায়াতের এমপির
সংসদ চলমান থাকা অবস্থায় ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি বলেছেন, সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করা আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। এর পেছনে কী বিশেষ পরিস্থিতি ছিল, সে বিষয়ে সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তিনি।
জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপনের আগে বিলটির বিরোধিতা করে তিনি এসব কথা বলেন।
নাজিবুর রহমান বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া অবস্থায় অথবা সংসদের অধিবেশন না থাকা অবস্থায় জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। কিন্তু সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত অধ্যাদেশ জারির সময় সংসদ অধিবেশন না থাকলেও পরবর্তী অধিবেশনের মধ্যে দুই মাসের বেশি বিরতি ছিল না। এমনকি অধ্যাদেশ জারির আগে সংসদ অধিবেশন চলমান ছিল এবং অধ্যাদেশ জারির এক মাসেরও কম সময়ের মধ্যে আবার সংসদ বসেছে।
তিনি বলেন, ‘যখন এ কৌশলপত্র প্রণয়ন করা হয়, সেই জুলাইয়ের পরে ১৫ প্যাকেজ দেয়া হলো, সে সময় সংসদ চলমান। সেই সময় এই বিলটা না এনে অধ্যাদেশ কী বিশেষ কারণে জারি করা হলো, তার এক্সপ্লানেশন অধ্যাদেশের মধ্যে নেই।’
অধ্যাদেশের কারণ হিসেবে শুধু রাষ্ট্রপতির সন্তুষ্টির কথা উল্লেখ করা হয়েছে জানিয়ে জামায়াতের এ সংসদ সদস্য বলেন, কী ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল, তা কোথাও ব্যাখ্যা করা হয়নি। সংসদীয় গণতন্ত্রে জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হলেও এ ক্ষেত্রে সংসদকে পাশ কাটানো হয়েছে।
নাজিবুর রহমান বলেন, ‘একটা ফাংশনিং সংসদ রয়েছে। এটাকে বাইপাস করে সংসদের একটা আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটি রয়েছে, সেটাকে বাইপাস করে এই অধ্যাদেশ জারি করার প্রয়োজন পড়ল কেন? এটাকে আমি বলব, আমাদের আইন প্রণয়নসংক্রান্ত সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।’
তিনি আরো বলেন, সংসদ সদস্যদের আইন প্রণয়নের অধিকারকে উপেক্ষা করে সংসদকে রাবার স্ট্যাম্পে পরিণত করা হচ্ছে। এ বিষয়ে আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।
রাষ্ট্রপতির সন্তুষ্টি নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই : আইনমন্ত্রী
জামায়াতের সংসদ সদস্যের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, অধ্যাদেশ জারির ক্ষেত্রে রাষ্ট্রপতির সন্তুষ্টি একটি সাবজেক্টিভ সন্তুষ্টি। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ না থাকা অবস্থায় অধ্যাদেশ জারির বিষয়ে রাষ্ট্রপতির এ সন্তুষ্টির ওপর সংসদ বা আদালতের প্রশ্ন তোলার সুযোগ নেই।
আইনমন্ত্রী বলেন, গতকাল সংসদে অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছিল সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ উপ-অনুচ্ছেদ অনুযায়ী। সেটি সংসদের সামনে উপস্থাপন করা ছিল বাধ্যতামূলক। কিন্তু এখন সরকার যে বিল এনেছে, সেটি নতুন করে পরীক্ষা-নিরীক্ষা হবে। কার্যতালিকা অনুযায়ী বিলটি কমিটিতে যাবে, সেখানে যাচাই-বাছাইয়ের পর সংসদে আসবে।
তিনি বলেন, ‘পার্লামেন্ট আইন প্রণয়নের সার্বভৌম। পার্লামেন্ট আইন প্রণয়নের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হাত দিতে পারেন না। কিন্তু ৯৩-এর ১-এ রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর এ পার্লামেন্টের হাত দেয়ার ক্ষমতা নেই।’
আইনমন্ত্রী আরো বলেন, অধ্যাদেশ সংসদের সামনে উপস্থাপনের পর সেটিকে আইনে রূপান্তর করা হবে কি না, সে সার্বভৌম ক্ষমতা সংসদের রয়েছে। তবে অধ্যাদেশ জারির সময় রাষ্ট্রপতির সন্তুষ্টির বিষয়টি আলাদা।
পরে নাজিবুর রহমান আবার বক্তব্য দিয়ে বলেন, সংবিধানে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা থাকলেও কোন বিশেষ পরিস্থিতিতে সেই ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, তা জানার অধিকার সংসদ সদস্য ও জনগণের রয়েছে। আদালতে চ্যালেঞ্জ করার বিষয়টি এক রকম, আর স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া আরেক বিষয়।
আগামী গ্রীষ্মের আগে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনার পরিকল্পনা
বিলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সঙ্কট মোকাবেলা এবং বিকল্প জ্বালানির উৎস বাড়ানো জরুরি হয়ে পড়েছে। এ কারণে দ্রুত সৌরবিদ্যুতে যাওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, আগামী গ্রীষ্মের আগে মানুষের লোডশেডিংয়ের ভোগান্তি কমাতে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনার চেষ্টা করছে সরকার।
মন্ত্রী বলেন, সরকারি কার্যক্রমে সময় লাগে। এ জন্য নীতিমালা তৈরি করে বিভিন্ন বিষয় একত্র করে আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি সংসদে আনা হয়েছে। বিলটি সংসদে পাস করার আগে সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এরপর বিদ্যুৎমন্ত্রী সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপনের প্রস্তাব করেন। স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়। পরে মন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








