
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য ১০ দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ মঙ্গলবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) শুরু হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের প্রথম দুই ব্যাচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬০ জন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক অংশগ্রহণ করছেন।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব। হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো: রাকিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম।
অধ্যাপক ড. মাসুমা হাবিব বলেন, প্রশিক্ষণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যে পেশাগত যোগাযোগ গড়ে উঠবে, তা যৌথ গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার সুযোগ বাড়াবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে কাজে লাগাতে এবং নবীন সহকর্মীদের পেশাগত উন্নয়নে ভূমিকা রাখতে আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো: রাকিবুল হক বলেন, হিট প্রকল্পের আওতায় ইউজিসি প্রথমবারের মতো জ্যেষ্ঠ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য এ পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ চালু করেছে। এর মাধ্যমে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সহযোগিতা বাড়বে এবং এক বিশ্ববিদ্যালয়ের ভালো চর্চা অন্য বিশ্ববিদ্যালয়েও কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আরডিএর পরিচালক ও প্রশিক্ষণের কোর্স পরিচালক ড. মো: আবিদ হোসেন মৃধা এবং আরডিএর পরিচালক মো: দেলোয়ার হোসাইন। হিট প্রকল্প ও আরডিএর কর্মকর্তা, পরামর্শক, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








