বাপেক্সকে শক্তিশালী করতে সরকারের বহুমুখী উদ্যোগ

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি ‘বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড’ (বাপেক্স)-কে শক্তিশালী করার উদ্দেশ্যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বাপেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। পুনর্গঠিত পরিচালক পর্ষদের অন্য সদস্যরা হলেন- পেট্রোবাংলার চেয়ারম্যান মো: আবদুল মান্নান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) মো: আকনুর রহমান পিএইচডি, পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব এস এম মাহবুব আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী, পেট্রোবাংলার প্রাক্তন পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) মো: কামরুজ্জামান এবং বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: ফজলুল হক।বর্তমান পরিচালনা পর্ষদের যোগ্য ও গতিশীল নেতৃত্বে এ যাবত ৫টি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ আগস্ট হতে ২৬ অক্টোবর, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এই ৫টি সভায় বাপেক্সের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বেশ কিছু নীতিগত ও কৌশলগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। .পর্ষদের সভায় একটি প্রকল্পের সংশোধিত ডিপিপি এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। একই সাথে দেশের ভূগর্ভস্থ জ্বালানি অনুসন্ধানের পরিধি বাড়াতে ৪১০ লাইন কিলোমিটার ২ডি সাইসমিক সার্ভে এবং ২১১০ বর্গ কিলোমিটার ৩ডি সাইসমিক সার্ভে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ছাড়া দেশের তেল ও গ্যাস উৎপাদন বাড়াতে দ্রুততম সময়ের মধ্যে ১৪টি কূপ খনন ও ওয়ার্কওভার কাজ ত্বরান্বিত করার জন্য কর্মপরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমিক গৃহীত কার্যক্রমে অনুমোদন প্রদান করা হয়। আগামী ২৫ নভেম্বর বাপেক্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন এই পর্ষদের দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে বাপেক্স দেশের জ্বালানি সঙ্কট নিরসনে অধিকতর কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।

Advertisement