
সিলেট ব্যুরো
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, সিলেটের রাতারগুলে আওয়ামী লীগের দলীয় সভায় অংশগ্রহণ এবং সভা শেষে আবার ভারতে ফিরে যাওয়া- সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের এমন কর্মকাণ্ড ঘিরে সিলেট ও সুনামগঞ্জে আলোচনা-সমালোচনা চলছে। গত ৮ নভেম্বর গোয়াইনঘাটের রাতারগুলে দলীয় সভা করার কথা স্বীকার করে রনজিত নিজেই জানিয়েছেন, সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরে গেছেন। এ দিকে শিক্ষাসফরের কথা বলে একটি ইকো রিসোর্ট ভাড়া নিয়ে সেখানে দলীয় সভার আয়োজন করা হয় বলে জানিয়েছে পুলিশ। সভার ভিডিওতে শনাক্তের পর আটক করা হয়েছে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে।
গত রোববার রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ সভাটি অনুষ্ঠিত হয়। শিক্ষাসফরের কথা বলে রিসোর্ট ভাড়া নেয়া হলেও সেখানে আওয়ামী লীগের মতবিনিময় সভার আয়োজন করা হয়। সোমবার নিজের ফেসবুকে ৫ মিনিট ৩৩ সেকেন্ডের সভার ভিডিও প্রকাশ করেন রনজিত। এতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানার দেখা যায়। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানান, একজন আইনজীবী শিক্ষাসফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেন। প্রথমে সেখানে শিক্ষাসফরের ব্যানার লাগানো হলেও পরে রনজিত সরকার উপস্থিত হয়ে আওয়ামী লীগের ব্যানারে বক্তব্য দেন।
ভিডিওতে শনাক্ত নেতা আটক : সভার ভিডিওতে ব্যানার ধরে দাঁড়িয়ে থাকা তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে মঙ্গলবার সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে আটক করে পুলিশ। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতারগুলের রিসোর্টে সভাস্থল শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








