আ.ফ.ম. মাহবুবুল হকের আদর্শ ধারণ করে শোষণমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান


আ.ফ.ম. মাহবুবুল হকের আদর্শ ধারণ করে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
মাহবুবুল হকের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ১০টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ আহ্বান জানান।
বক্তারা জানান, মাহবুবুল হক রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হন। ১৯৭৫ সালের ৮ নভেম্বর বায়তুল মোকাররমের সামনে জাসদের জনসভায় বক্তব্য দেয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। এরপরও আজীবন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল ছিলেন।
স্মরণসভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক শামসুদ্দিন পেয়ারা, সাবেক সচিব আবু আলম মো: শহীদ খান, লেখক তাহেরা বেগম জলি, বাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শওকত হোসেন আহমেদ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আ ক ম জহিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মোফাজ্জেল হোসেন মজলিস ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন। সভায় সভাপতিত্ব করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া। বিজ্ঞপ্তি।