
রাজশাহী ব্যুরো
স্থগিত হওয়া ইন্টার্নশিপ বহালের সুযোগ পেতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের কার্যালয়ে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে অবরুদ্ধ ও মারধরের শিকার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রামেক শাখার দুই সাবেক শীর্ষ নেতা। মঙ্গলবার হাসপাতালের পরিচালকের কক্ষ থেকে তাদের উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়া হয়। এ সময় তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও প্রিজন ভ্যানে তোলার মুখে কিল-ঘুষি মারে উত্তেজিত জনতা।
পুলিশি হেফাজতে নেয়া দুই সাবেক নেতা হলেন- রামেক ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাবেক সাধারণ সম্পাদক নাহিদ হাসান। তারা দু’জনই পঞ্চম বর্ষ শেষ করে ইন্টার্নশিপ শুরু করার পর ২০২৪ সালের ৬ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক দুই বছরের জন্য ইন্টার্নশিপ স্থগিতের দণ্ডে দণ্ডিত হন। সম্প্রতি সেই স্থগিতাদেশের মেয়াদ পার হওয়ায় ইন্টার্নশিপের নতুন আবেদনের প্রক্রিয়া না মেনেই মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালের উপপরিচালকের সহায়তায় পরিচালকের সাথে দেখা করতে যান তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুই নেতা পরিচালকের অপেক্ষাকক্ষে অবস্থান করার সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ঘিরে ধরেন এবং মারধর করেন। পরে তাদের পরিচালকের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








