২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামের উপসর্গে ১৩ জনের মৃত্যু

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

দেশে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। এই দুই রোগে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে মোট আটজন মারা গেছেন। তাদের সাতজন ঢাকা বিভাগে একজন খুলনা বিভাগে মারা গেছেন। আর নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৫ জন। আর হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু এবং হাম ও উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৪৪ জন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে সর্বশেষ আটজনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় সারা দেশে মোট এক লাখ ৫৩ হাজার ৭৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 
সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৫৯৫ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, খুলনা বিভাগে ২২০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ২১১ জন এবং সিলেট বিভাগে ২০ জন রয়েছেন। এ ছাড়া রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ভর্তি হয়েছেন ৩৬৭ জন ডেঙ্গুরোগী।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪৭ হাজার ১৫৮ জন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে। আর দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সর্বমোট ছয় হাজার ১৩৬ জন ডেঙ্গুরোগী। 
এ দিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে মোট পাঁচজন মারা গেছেন। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজন এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন। আর নতুন করে হাম ও উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৪৪ জন। এর মধ্যে এক হাজার ৩৫৭ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৮৯ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৪১৬ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ১৮৪ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ৪১ হাজার ৫৫৬ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৪ হাজার ৬১০ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৬৬ হাজার ১৬৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৫ হাজার ৫৪০ জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন দুই লাখ ছয় হাজার ৭৯৯ জন। চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৯৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১০, চট্টগ্রামে ১২৮, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৯২, বরিশালে ৮৯, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।