ঝিনাইদহ-মুন্সীগঞ্জে দুই মানসিক প্রতিবন্ধী, চাঁদপুরে বৃদ্ধ নিহত

 নয়া দিগন্ত ডেস্ক
ঝিনাইদহের কালীগঞ্জ ও মুন্সীগঞ্জের লৌহজংয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। এ ছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জে  মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছেন।
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মহিউদ্দিন মুন্সী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে রাঙ্গিয়ার পোতা গ্রাম থেকে মানসিক প্রতিবন্ধী ওই বৃদ্ধ বালিয়াডাঙ্গা বাজারে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে।
লৌহজংয়ে যুবক নিহত 
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেপরোয়া গতির বাসের চাপায় অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন (৩০) এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে উপজেলার মাওয়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, গত রাত সোয়া ৯টার দিকে পদ্মা সেতুর নীচে মাওয়া চৌরাস্তাসংলগ্ন এলাকায় সড়কের আইল্যান্ডে শুয়েছিলেন অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন এক যুবক। এ সময় উপজেলার কনকসার থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেসের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় চালককে আটকসহ বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ফরিদগঞ্জে বৃদ্ধ নিহত
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, ফরিদগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারিকেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শংকর পৌরসভার কাছিয়াড়া গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শী এবং পারিবারিক সূত্রে জানা গেছে, শংকর মঙ্গলবার দুপুরে হরিনাম কীর্তনে অংশ নিতে রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে নারিকেলতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামীর মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement