কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক

Advertisement

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়েছেন মো: কাউসার মিয়া নামে হত্যা মামলার এক আসামি। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর এজলাসে এ ঘটনা ঘটে। তিনি রাজধানীর দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাসির আহম্মেদ জানান, একটি হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় কাউসারকে আদালতে হাজির করা হয়। হাতকড়া পরিয়ে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় সেদিন সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। এর কিছুক্ষণ পর কৌশলে হাতকড়া খুলে কাঠগড়া থেকে পালিয়ে যান তিনি।
মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা জানান, দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি কাউসার। মামলাটির বিচার চলছে। সাক্ষ্য গ্রহণের জন্য সকালে তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। প্রথমে হাজতখানায় রাখা হলেও পরে হাতকড়া পরা অবস্থায় কাঠগড়ায় নেয়া হয়। ওই সময় পাহারার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। এর মধ্যেই কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, কাঠগড়ায় থাকা একজন আসামি কীভাবে হাতকড়া খুলে পালিয়ে গেলেন, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও আদালত চত্বর থেকে আসামি পালিয়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। তবে এবার আদালতের এজলাসে সরাসরি কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানোর ঘটনা ঘটল।