বিনামূল্যে স্কুলড্রেস পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

 নিজস্ব প্রতিবেদক 

Advertisement

আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যবইয়ের মতো বিনামূল্যে স্কুলড্রেস পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও শিক্ষা উপকরণ দেয়ার পরিকল্পনা বাস্তবায়নে আগামী বছরের শুরুতে পাইলট প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। গতকাল মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। 
সংবাদ সম্মেলনে জানানো হয়  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা আশাব্যঞ্জক। তবে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর ঘোষিত ১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাকসহ বিভিন্ন উপকরণ দেয়ার কথা বলা হয়েছিল। এ নিয়ে প্রস্তুতিও ছিল। কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা সেই সুবিধা পায়নি। আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা এ সুবিধা পাবে কি-না এবং এ বিষয়ে আগে নেয়া পাইলট প্রকল্পটি বহাল আছে কি-না জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, পাইলট প্রকল্পটি কার্যকর হবে। আগামী বছরের শুরুতে এটি চালু করা হবে।