নড়াইলে ভ্যানচালক ও বৃদ্ধার লাশ উদ্ধার লালমনিরহাটে

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

নড়াইলের লোহাগড়ায় এক ভ্যান চালক এবং লালমনিরহাটের কালীগঞ্জে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নড়াইল প্রতিনিধি ও লোহাগড়া সংবাদাদাতা জানান, নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের লক্ষীপাশা মোল্যার মাঠের পাশে একটি ভবনের ছাদ থেকে গতকাল ভ্যানচালক আজিবর শেখের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আজিবর সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। সুতা দিয়ে তার দুই হাত বাধা ছিল। এ ছাড়া গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নড়াইলের লক্ষীপাশা মোল্যার মাঠের পাশে মাহিমা হোসেন গিরি বেগমের একতলা ভবনের ছাদের ওপরে আজিবর শেখের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ওই বাড়ির ভাড়াটিয়া। 
নিহতের পরিবার জানায়, আজিবর অটোভ্যান চালিয়ে বিভিন্ন দোকানে কাঠ সরবরাহ করতেন। সোমবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবার অনেক খোঁজখবর নেন। একপর্যায়ে আজিবরকে পাওয়া না গেলেও ওইদিন রাত ১টার দিকে মোল্যার মাঠ থেকে আজিবরের ভ্যান উদ্ধার করেন আত্মীয়স্বজন। 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সুতা দিয়ে আজিবরের দুই হাত বাধা ছিল। এ ছাড়া তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শ^াসরোধে তাকে হত্যা করা হয়েছে। কী উদ্দেশ্যে কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
লালমনিরহাট  প্রতিনিধি জানান, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্যারহাটে একটি গোডাউন থেকে বালিফিন্দি বেগম (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় গোডাউনের ভেতর থেকে আহত অবস্থায় নুরুননাহার বেগম নামে এক নারীকে উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট এলাকার একটি গোডাউনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ভোর ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ ও আহত নারীকে উদ্ধার করে। পরে আহত নারীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ থানার ওসি মঞ্জুরে এলাহী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাটে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে।