আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

 আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

Advertisement

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রমিকদের ব্ল্যাক লিস্টিং বন্ধসহ ৯ দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড  নিক্ষেপ করে পুলিশ। এতে দুই শ্রমিক আহত হয়। মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সকাল থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেয় শ্রমিকরা। পরে শারমিন গ্রুপ এর একটি ফ্লোর, এনভয়, স্টারলিং ক্রিয়েশন, স্টারলিং স্টাইল, দি রোজ ও নেক্সট কালেকশনসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ।
ছুটির পর শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশের অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষেভের চেষ্টা করে। পরে তারা জামগড়া ছয়তলা এলাকায় অবস্থান নেন।  এ সময় পুলিশ তাদের কারখানায় ফেরার অনুরোধ করলে তারা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুরতে থাকে। পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেমে থেমে শ্রমিকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় স্টারলিং স্টাইলস লিমিটের শ্রমিক আলমগীর হোসেন ও রাজিয়া বেগম আহত হন। 
এ দিকে চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নিউএইজ গ্রুপের আশুলিয়ায় অবস্থিত সকল কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।
শেষ খবর পাওয়া পর্যন্ত শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, ইউনিক, জিরাবো, জিরাবো পুকুরপাড়, কাঠগড়া এলাকাসহ বিভিন্ন এলাকার অন্তত ৩০টি শিল্প কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহম্মেদ জানান, বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। পরে তাদের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।