
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা তিন দিন একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনা, হলসংলগ্ন সড়ক ও জনসমাগমস্থলে এসব বিস্ফোরণ ঘটলেও তা প্রতিরোধে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর। প্রতিটি ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সন্দেহভাজনদের আটক করতে দেখা গেলেও প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
গত রোববার সন্ধ্যা থেকে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা শুরু হয়। প্রথম দিন টিএসসি, নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ, সিনেট ভবন, প্রশাসনিক ভবনের পাশ, ভিসি চত্বর এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মধ্যবর্তী সড়কসহ বিভিন্ন স্থানে আট থেকে ৯টি বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম, সোহেল রানা ও নাজমুস সাদ।
পরদিন সোমবার সন্ধ্যায়ও ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের পর শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করেন। তাদের একজনকে টিএসসি এলাকা থেকে এবং অন্য জনকে বিশ্ববিদ্যালয় উদ্যানের দ্বিতীয় ফটকের কাছ থেকে আটক করা হয়। তারা হলেন জাবির সালেহীন দিপু (২৭) ও আবদুল্লাহ আল জোবায়ের (২৬)। আটক ব্যক্তিদের একজনের কাছে একটি ব্যাগ পাওয়া যায়।
একই দিন রাতে মুহসীন হলের পেছনে একটি টিফিন ক্যারিয়ারে বোমাসদৃশ বস্তু, গোলাপ ও হুমকিসংবলিত চিঠি পাওয়া যায়। চিঠিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে সতর্ক করার পাশাপাশি হুমকিমূলক বার্তা দেয়া হয়। এ ঘটনায় সাধারণ ডায়েরি করার কথা জানায় পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরেও ক্যাম্পাসে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলা ২টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ও ক্যাম্পাসের শ্যাডো এলাকায় বিস্ফোরণ হয়। এর একটি ককটেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রভাষক তাসনিম নাবিলা ইসলামের গাড়ির সামনের কাচে আঘাত করে। এতে গাড়িটির চালক সোহেল (৩৬) গুরুতর আহত হন। ককটেলের আঘাতে গাড়ির সামনের কাচ ভেঙে চালকের মাথা ও শরীরে আঘাত লাগে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। একই ঘটনায় আহত হন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আরেফিন সেলিম। পরীক্ষার হলে যাওয়ার পথে এফবিএস ভবনের সামনে তিনি ককটেলের আঘাত পান। আরেফিন সেলিম বলেন, কলাভবনের দিকে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনার কয়েক সেকেন্ড পরই এফবিএসে পার্ক করা একটি গাড়ির ওপর আরেকটি ককটেল এসে পড়ে। আমি গাড়িটির পাশ দিয়ে যাচ্ছিলাম। ককটেলটি আমার গায়েও লাগে। ওপর থেকে ককটেলটি এসে পড়েছে বুঝতে পেরেছি, তবে কোন ভবন থেকে ছোড়া হয়েছে বুঝতে পারিনি। মেডিক্যাল থেকে চিকিৎসা নিয়েছি। আপাতত ভালো আছি।
খোঁজ নিয়ে জানা গেছে, ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত তিন দিনে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দেয়া তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে মোট ১০ থেকে ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ : টানা তিন দিন ধরে বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ছাত্রীদের হলের সামনের সড়কেও বিস্ফোরণের ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের নিয়মিত বাসে যাতায়াত করতে হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ ও বাসস্ট্যান্ডের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নয়া দিগন্তকে বলেন, টিএসসির মতো জনাকীর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে দুর্বৃত্তরা ব্যাগভর্তি ককটেল নিয়ে এসে বিস্ফোরণ ঘটিয়ে নির্বিঘেœ চলে যাচ্ছে, তা তাদের বোধগম্য নয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিস্ফোরণের সময় প্রক্টরিয়াল টিমের দৃশ্যমান উপস্থিতি কিংবা প্রতিরোধমূলক ব্যবস্থা দেখা যায়নি বলেও অভিযোগ তাদের।
ছাত্র সংগঠনগুলোর প্রশ্ন, প্রতিবার বিস্ফোরণের পর সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সন্দেহভাজনদের আটক করতে হচ্ছে কেন? ক্যাম্পাসের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা প্রক্টরিয়াল টিম ও পুলিশ আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারছে না কেন?
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ ইসরাফিল রতন প্রাং এর আগে জানিয়েছিলেন, ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে এসব বিস্ফোরণ ঘটানো হচ্ছে। ঘটনার পর নিরাপত্তা জোরদার এবং ক্যাম্পাসে প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের কথাও বলেছিলেন প্রক্টর।
তবে টানা তিন দিন বিস্ফোরণের পর এসব উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাদের প্রশ্ন, গোয়েন্দা তথ্য ও সিসিটিভি নজরদারি থাকা সত্ত্বেও পরিকল্পিত নাশকতার চেষ্টা আগে থেকে শনাক্ত করা যাচ্ছে না কেন?
যা বলছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো : ক্যাম্পাসে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না। দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, গত দুই দিনে ককটেল বিস্ফোরণ ঘটাতে আসা পাঁচজনকে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরের শাসনামলে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় থাকা ফ্যাসিবাদের সহযোগীরাই পলাতক সন্ত্রাসীদের সহায়তা করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শুরু থেকেই এসব ব্যক্তিকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তার অভিযোগ, ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা ব্যক্তিদের কেউ কেউ পরবর্তী সময়ে বিভিন্ন হলে আশ্রয় দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনে ভূমিকা রাখছেন।
নাহিদুজ্জামান শিপন বলেন, রাজনৈতিকভাবে এসব পরিস্থিতি মোকাবেলা করা হবে। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিজেদের গাফিলতি স্বীকার করে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। হলগুলোতে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান ছাত্রদলের এ নেতা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান বলেন, প্রথম দিন বিস্ফোরণের ঘটনার পরই তারা প্রক্টরের সাথে দেখা করে কথা বলেন। সে সময় প্রশাসনের পক্ষ থেকে আগামী দুই মাসের মধ্যে ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগের কথা জানানো হয়। তিনি বলেন, ফ্যাসিবাদী পক্ষ থেকে প্রতিনিয়ত হুমকি দেয়া হলেও তা মোকাবেলায় কী ব্যবস্থা নেয়া হচ্ছে, সে বিষয়ে প্রশাসন সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেনি। পরবর্তী সময়ে ক্যাম্পাসে আবারো বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিরা আহত হলে তারা তাৎক্ষণিক মিছিল ও প্রতিবাদ করেন। পরে প্রশাসনের কাছে জানতে চাইলে অধিকতর তদন্তের পর ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।
মহিউদ্দিন খান অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের নামে প্রক্রিয়া দীর্ঘায়িত করছে। এর আগেও বিভিন্ন ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। ছাত্রলীগের হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি তৈরি হলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি। তার মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টর সামগ্রিকভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।
জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম বলেন, গত পরশু রাতেই তারা প্রক্টরের কাছে গিয়ে জানিয়েছিলেন, আবারো এমন ঘটনা ঘটলে প্রশাসনের পদত্যাগ করা উচিত। ক্যাম্পাসের ভেতরে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটার পর তারা মিছিল করেছেন এবং হাসপাতালে আহতদের দেখতে গেছেন। তিনি বলেন, পরে প্রক্টরের সাথে দেখা করে অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়েছে। পদত্যাগ না করলে অন্তত ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে হবে। পাঠচক্রে গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি দেখা গেলেও এতগুলো ঘটনার পর প্রক্টরিয়াল বডি কিংবা গোয়েন্দাদের তৎপরতা চোখে পড়ছে না বলে অভিযোগ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, ককটেল বিস্ফোরণকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে প্রশাসনকে তৎপর হতে হবে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে প্রক্টরিয়াল বডির কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে। মোজাম্মেল হক বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিএনপি আমলের প্রশাসনের মধ্যে বিশেষ কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হয়নি। তিনি আরো বলেন, ২০২৪ সালের ১৫ জুলাইয়ের হামলা এবং গত ১৬ বছরের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে হামলাকারীদের পাশাপাশি গণরুম ও গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতনে জড়িত ব্যক্তিদের অধিকাংশই এখনো ক্যাম্পাসে রয়েছেন। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। মোজাম্মেল হক বলেন, বিচারহীনতার এ সংস্কৃতিই একের পর এক হামলা ও বিস্ফোরণের ঘটনার ক্ষেত্র তৈরি করছে এবং ক্যাম্পাসকে অনিরাপদ করে তুলছে। এসব ঘটনার দায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাষ্ট্রীয় প্রশাসন এড়াতে পারে না।
নারীদের ২ হলে শঙ্কা : কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী জারিন নাফিসা স্মিতা বলেন, নিরাপত্তা নিয়ে তারা খুবই শঙ্কিত। সমাজকল্যাণ ক্যান্টিন, মৈত্রী হল ও বঙ্গমাতা হলের মূলফটক দিয়ে বাইরের লোকজনও খাবার খেতে আসেন। ফলে এ পরিস্থিতির সুযোগ নিয়ে যে কেউ অনাকাক্সিক্ষত ঘটনা ঘটাতে পারে। এ কারণে সাময়িকভাবে কয়েক দিনের জন্য মূলফটক বন্ধ রাখা এবং শুধু শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেয়ার দাবি জানান তিনি। পাশাপাশি সেখানে নিরাপত্তাকর্মী মোতায়েনেরও দাবি জানান এ শিক্ষার্থী।
বিক্ষোভ নানা পক্ষের : ককটেল বিস্ফোরণের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার বিজয় একাত্তর হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে প্রবেশ করে ভিসির কার্যালয়ের সামনে বিক্ষোভ চালিয়ে যায়। শিবিরের নেতারা জানান, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে সাথে আলোচনা করে ক্যাম্পাসের নিরাপত্তায় প্রশাসনের ভূমিকা নিয়ে জবাবদিহি চাইবেন বলেও সাংবাদিকদের জানান তারা।
এ দিকে ছাত্রদলের একাধিক নেতা ক্যাম্পাসে নিজ নিজ অনুসারীদের নিয়ে মিছিল করেছেন। মিছিল থেকে তারা নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিহত করার ঘোষণা দেন।
সার্বিক বিষয়ে মন্তব্য জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, আমি ভিসি স্যারের সাথে মিটিংয়ে আছি। এর পর কল কেটে দেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








