ঢাবিতে আল্লামা ইকবালের দর্শন নিয়ে আলোচনা সভা
ঢাবিতে আল্লামা ইকবালের দর্শন নিয়ে আলোচনা সভা ।

 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দার্শনিক কবি আল্লামা মুহাম্মদ ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘উই অ্যান্ড ইকবাল ২০২৬’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইকবালের সাহিত্য, দর্শন, আত্মপরিচয়, আত্মমর্যাদাবোধ ও মানবমুক্তির চিন্তা নিয়ে আলোচনা করেন বক্তারা।
গত সোমবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইকবাল কালচারাল সেন্টারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন লেখক ও ইকবাল-গবেষক ফাহমিদ-উর-রহমান। স্বাগত বক্তব্য দেন চর্চাকেন্দ্রের সভাপতি মাহফুজ এলাহি।
আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং লেখক, চিন্তক ও পুষ্টিবিদ মোহাম্মদ সজাল।
বক্তারা বলেন, আল্লামা ইকবালের  দর্শন শুধু সাহিত্যিক চিন্তার মধ্যে সীমাবদ্ধ নয়; ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও তার চিন্তার ব্যাপক প্রাসঙ্গিকতা রয়েছে। বিশেষ করে তার ‘খুদি’ বা আত্মসত্তার দর্শন মানুষের আত্মপরিচয়, আত্মমর্যাদাবোধ ও আত্মশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনায় সমকালীন সমাজ ও বাস্তবতায় ইকবালের দর্শনের প্রাসঙ্গিকতা এবং মুসলিম সমাজের বুদ্ধিবৃত্তিক জাগরণে তার চিন্তার গুরুত্ব তুলে ধরা হয়। একই সাথে নতুন প্রজন্মের কাছে তার সাহিত্য, চিন্তা ও দর্শন পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আয়োজকরা জানান, ‘উই অ্যান্ড ইকবাল ২০২৬’ আয়োজনের মূল উদ্দেশ্য হলো আল্লামা ইকবালের চিন্তা, দর্শন ও সৃষ্টিকর্মের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং সমকালীন প্রেক্ষাপটে তার দর্শন নতুন করে পাঠ ও বিশ্লেষণের সুযোগ তৈরি করা।