ঢাবির সাথে সহযোগিতা জোরদারে আগ্রহী এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি
ঢাবি ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন থাইল্যান্ডের এআইটির প্রেসিডেন্ট : নয়া দিগন্ত।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক পাই-চি লি মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, এআইটির এক্সিকিউটিভ ডিরেক্টর ভোরাভাতে চোনলাসিন, সিনিয়র প্রোগ্রাম অফিসার এস কে শাহীন হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো: ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনার উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি বলেন, পারস্পরিক  সহযোগিতার মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা সম্ভব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এআইটির সহযোগিতামূলক সম্পর্ক আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। এআইটির প্রেসিডেন্ট অধ্যাপক পাই-চি লি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সহযোগিতার একটি কার্যকর কাঠামো তৈরি করা যেতে পারে। এর আওতায় শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে শিক্ষা কার্যক্রম, গ্রীষ্মকালীন কর্মসূচি এবং বিভিন্ন পেশাগত ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ পরিচালনা করা সম্ভব। এআইটির অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।