
নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে অন্তত ৪৮ শিক্ষার্থী আহত হয়েছে। আগুনের তীব্র ধোঁয়ায় শ্বাসকষ্ট ও শ্বাসনালির ক্ষতির শিকার হয়েছে তারা। এ ছাড়া ছয় শিক্ষার্থী দগ্ধ হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজন আইসিইউতে রয়েছেন।
সোমবার রাত ১টা ৫৫ মিনিটের দিকে ফতুল্লার সাইনবোর্ড ভুঁইঘর এলাকার শান্তিধারায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদরাসা ভবনে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে রাত ২টা ৫ মিনিটে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের মোট পাঁচটি ইউনিট প্রায় ২৫ মিনিটের চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাত ৩টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ডে মাদরাসার দ্বিতীয় তলায় অবস্থিত প্রায় চার হাজার বর্গফুটের লাইব্রেরি ও অফিসকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, এ ঘটনায় আনুমানিক ১৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে প্রায় ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান,আগুন দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিকসার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
এ দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, হাসপাতালে আসা ৪৮ জনের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে আইসিইউতে নেয়া হয়েছে। তারা হলেন- ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮), চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই ভবনের ভেতরের চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে ভেতরে থাকা শিক্ষার্থীদে মধ্যে আতঙ্ক তৈরি হয়। আতঙ্কে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হতে গেলে এবং ধোঁয়ার মধ্যে আটকা পড়ে তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে অসুস্থ অবস্থায় মোট ৪৮ জন শিক্ষার্থীকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন- নাইমুল ইসলাম (১৫), তানভীর (২১), ইউসুফ (১৮), নাঈম (১৫), জোবায়ের (১৮), হাসনাত (২২), আবেদ (১৭), আশরাফুল (১৭), লাবিব (২২), হেমায়েত (২৩), আব্দুল্লাহ (১৪), মইনুল ইসলাম (২০), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), রাশেদ (১৮), এনায়েত উল্লাহ (১৭), ফয়েজুল্লাহ (১৪), বাইজিদ (১৬), ইউসুফ (২০), আমিনুল্লাহ (১৮), নাজমুল (১৬), মিরাজ (১৮), মাহাতীর (১৩), আব্দুল আজিজ (১৮), মইনুল (২০), তানভীর (১৮), আল আমিন (১৭), জুবায়ের (১৭), রাকিব (১৭), আশিক (১৭), আব্দুল্লাহ (১৩), রিফাত উল্লাহ (২৯), লোকমান (২৭), মোহাম্মদ (২১), হুজাইফা (১৯), আলী হাসান (২৪), সিরাজ (২৫), রেদওয়ান (১৬), তাফসীর (১৪), রাকিবুল (২২), ইসমাইল (২১), আব্দুল্লাহ সাকিল (১৫), মাহফুজ (১৮), আবু বক্কর (২১), জুবায়ের (১৭) ও রাকিব (১৭)।
হাসপাতালে হেফাজত নেতারা
এ দিকে আহত শিক্ষার্থীদের দেখতে গতকাল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। তিনি চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং মাদরাসা কর্তৃপক্ষের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ত্রাণবিষয়ক সম্পাদক ও তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা মাহফুজ, মাওলানা খালেদ বিন সাজিদ, মাওলানা এহসান সিরাজসহ আলেম ওলামা।
জামায়াত ও বিভিন্ন সংগঠনের উদ্বেগ
এ দিকে অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এ ছাড়া আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীও এ ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত মাদরাসার পাশে দাঁড়াতে সরকার ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
অন্য দিকে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আইন সংরক্ষণ পরিষদ। গতকাল এক বিবৃতিতে পরিষদের সভাপতি মুফতি বশিরুল্লাহ, নির্বাহী সভাপতি মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া ও মহাসচিব মাওলানা আবদুল কাইয়ুম কাসেমী আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








