
আমাদের প্রতিদিনের জীবন ব্যস্ততায় ভরা। জীবিকা, শিক্ষা বা অন্য যেকোনো প্রয়োজনে আমাদের প্রায়ই ঘর থেকে বের হতে হয়। কিন্তু বাইরের এ চেনা জগৎটা সবসময় নিরাপদ নয়; যেকোনো সময় ঘটে যেতে পারে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা। ইসলাম আমাদের কেবল সাবধান হতেই শেখায় না; বরং আল্লাহর চাদরে নিজেকে সুরক্ষিত রাখার চমৎকার ও সহজ কিছু উপায়ও বাতলে দেয়। ঘর থেকে বেরোনোর সময় ছোট্ট কয়েকটি সুন্নাত আমল আমাদের পুরো দিনটিকে যেমন নিরাপদ করতে পারে, তেমনি এনে দিতে পারে মানসিক প্রশান্তি। ঘর থেকে বের হওয়ার সময় নবীজি সা:-এর শেখানো সবচেয়ে মিষ্টি ও ছোট আমলটি হলো আল্লাহর ওপর পূর্ণ ভরসা করা। রাসূলুল্লাহ সা: যখনই ঘর থেকে বের হতেন, ডান পা আগে বাড়িয়ে বলতেন : ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ (অর্থ : আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর ওপরই ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া কোনো ক্ষতি থেকে বাঁচার এবং ভালো কাজ করার শক্তি কারো নেই)। (সুনানে আবু দাউদ-৫০৯৫) বর্ণনা অনুযায়ী, এ দোয়াটি পড়া মাত্রই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়- ‘তোমার আর কোনো চিন্তা নেই, তোমার সব দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন।’ এমনকি শয়তানও হতাশ হয়ে সে ব্যক্তির কাছ থেকে দূরে সরে যায়।
পথের সব ধরনের অন্যায়, জুলুম কিংবা পথভ্রষ্টতা থেকে বাঁচতে নবীজি সা: আরেকটি দারুণ দোয়া পড়তেন। উম্মুল মুমিনিন হজরত উম্মে সালামাহ রা: বলেন, রাসূলুল্লাহ সা: ঘর থেকে বের হওয়ার সময় আকাশের দিকে তাকিয়ে আবেগভরে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, যেন তিনি নিজে কারো ক্ষতি না করেন এবং অন্য কেউ যেন তাঁর কোনো ক্ষতি বা দুর্ঘটনা ঘটাতে না পারে। (সুনানে ইবনে মাজাহ-৩৮৮৪)
এর পাশাপাশি কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত ‘আয়াতুল কুরসি’ পাঠ করা আরেকটি কার্যকরী আমল। (বুখারি-২৩১১) বর্ণনা অনুযায়ী, এটি পাঠ করলে মহান আল্লøাহ একজন বিশেষ রক্ষক ফেরেশতা পাঠিয়ে দেন, যিনি ঘরে ফেরা পর্যন্ত ওই মানুষকে সব ধরনের বিপদ-আপদ ও দুর্ঘটনা থেকে আগলে রাখেন।
ব্যস্ততার মাঝেও মাত্র এক মিনিটের এ আমলগুলো আমাদের যাতায়াতকে করতে পারে নিরাপদ এবং প্রতিটি কদমকে পরিণত করতে পারে ইবাদতে। আসুন, আজ থেকেই দৃঢ় নিয়ত করি- ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর ওপর ভরসা রাখব এবং এ ছোট্ট সুন্নাতগুলো নিয়মিত আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন। আমিন।
লেখক : মুসাফির জিয়া, ব্রাইটন, ইংল্যান্ড ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








