
মো: শামসুজ্জামান রিপন
নভেম্বরের এই শীতের আমেজে যখন দেশের মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করছে, ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাশকতার খবর জনমনে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। গত কয়েক দিন ধরে রাতের আঁধারে বিভিন্ন মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, পর্যটন শহর কক্সবাজারে দফায় দফায় অগ্নিকাণ্ড এবং খোদ রাজধানীতে ককটেল উদ্ধার বা বিস্ফোরণের ঘটনাগুলো জনমনে চরম ভীতি তৈরি করেছে। পোশাক শিল্পের শ্রমিক অসন্তোষ ও ভাঙচুরের ধকল কাটিয়ে অর্থনীতি যখন মাত্র সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই নাশকতার এই ভিন্নধর্মী রূপান্তর কোনোভাবেই স্বাভাবিক লক্ষণ নয়। কারখানার অস্থিরতা থামলেও গণপরিবহনকে টার্গেট করা এবং বিস্ফোরক ফাটিয়ে জনমনে ভীতি সঞ্চার করার এই নোংরা সংস্কৃতি যেন নতুন চক্রে আবর্তিত হচ্ছে। এখন প্রশ্ন একটাই, সাধারণ মানুষের জানমালকে জিম্মি করার এই অশুভ বৃত্তের শেষ কোথায়?
সাম্প্রতিক ঘটনাগুলোর নিষ্ঠুরতা যেকোনো সচেতন নাগরিককে ভাবিয়ে তুলবে। ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে গভীর রাতে পার্কিং করা একটি লোকাল বাসে আগুন দেয়ার ঘটনায় বাসের ভেতরে ঘুমন্ত চালক কালাচাঁন শেখের ধোঁয়ায় দম আটকে মর্মান্তিক মৃত্যু হয়েছে। জীবিকার তাগিদে গাড়িতেই ঘুমিয়ে পড়া এই সাধারণ শ্রমিকের প্রাণের মূল্য আজ কে দেবে? শুধু ফরিদপুরই নয়, নওগাঁর বাইপাস সড়ক, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ও ধামরাই এলাকাতেও গত কয়েক রাতে একইভাবে দাঁড়িয়ে থাকা একাধিক বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এই চোরাগোপ্তা হামলাগুলো স্পষ্ট করে দেয় যে, এগুলো কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং অত্যন্ত সুপরিকল্পিত নাশকতার অংশ।
এই অগ্নিসন্ত্রাসের সমান্তরালে জনপদজুড়ে যুক্ত হয়েছে ককটেল বিস্ফোরণের নতুন এক ভীতি। গত কয়েক দিনে রাজধানী ঢাকার আদালত চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ফার্মগেট ও মিরপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় দফায় দফায় ককটেল ফাটানো হয়েছে। রাস্তায় চলন্ত বাসের সামনে বোমাবাজি কিংবা আবাসিক এলাকায় আতঙ্ক ছড়ানোর এই বিবেকহীন প্রবণতায় জননিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। এর রেশ কাটতে না কাটতেই আজ ১০ নভেম্বর ভোররাতে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের একটি হোটেলসংলগ্ন বসতঘরে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সংবেদনশীল পর্যটন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত পর্যটক ও স্থানীয় বাসিন্দা নিরাপত্তার স্বার্থে রাস্তায় নেমে আসেন। কিছু দিন আগেই ইনানী ও সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর এটি পর্যটন শিল্পের অর্থনৈতিক মেরুদণ্ডে নতুন এক কুঠারাঘাত। শুধু পর্যটন শিল্প নয়, দেশের সার্বিক অর্থনীতির ওপরও এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।
একটি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। গার্মেন্টস শিল্পের শ্রমিক অসন্তোষ যেমন আন্তর্জাতিক বাজারে আমাদের ভাবমর্যাদা ক্ষুণœ করেছিল, তেমনই বর্তমানের এই অগ্নিসংযোগ ও ককটেল সংস্কৃতি অভ্যন্তরীণ ব্যবসাবাণিজ্যের বিকাশ ব্যাহত করছে, স্থবিরতা সৃষ্টি করছে। একটা বাস কিংবা দোকান পুড়ে যাওয়া মানে কেবল সম্পদের ক্ষতি নয়, বরং একটি পরিবারের সারাজীবনের উপার্জনের উৎস ধ্বংস হয়ে যাওয়া, বেঁচে থাকার স্বপ্ন ছাই হয়ে যাওয়া।
প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও কড়া নজরদারির কথা বলা হচ্ছে। কিন্তু দেশের সাধারণ নাগরিকরা কেবল আশ্বাসের বাণী শুনতে চান না, তারা দৃশ্যমান নিরাপত্তা চান। এই চোরাগোপ্তা হামলা ও নাশকতার কালো হাতকে গোড়াতেই কঠোরভাবে দমন করতে হবে। জানমালের নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জিরো টলারেন্স নীতি এখনই মাঠপর্যায়ে শতভাগ বাস্তবায়ন করা জরুরি। রাজনৈতিক বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি এখনই এই অরাজকতার লাগাম টেনে ধরা না যায়, তবে সাধারণ মানুষের স্বস্তি ও দেশের অর্থনৈতিক অগ্রগতি চিরতরে মুখ থুবড়ে পড়বে।
লেখক : সাংবাদিক
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








