যক্ষ্মার চিকিৎসার পরও ফুসফুসের ক্ষতি থেকে যাচ্ছে কেন?
যক্ষ্মার চিকিৎসার পরও ফুসফুসের ক্ষতি থেকে যাচ্ছে কেন?।

নিরাময় ডেক্স

Advertisement

যক্ষ্মা বা টিবি একটি সংক্রামক রোগ, যা প্রধানত ফুসফুসকে আক্রান্ত করে। নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে অধিকাংশ যক্ষ্মা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যক্ষ্মার জীবাণু নির্মূল হলেও ফুসফুসের ক্ষতি সব সময় পুরোপুরি সেরে যায় না। চিকিৎসা শেষ হওয়ার পরও অনেক রোগী দীর্ঘদিন কাশি, শ্বাসকষ্ট, বুকব্যথা ও অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ার সমস্যায় ভোগেন। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় পোস্ট-টিউবারকিউলোসিস লাং ডিজিজ (Post-Tuberculosis Lung Disease ev PTLD)।
যক্ষ্মার জীবাণু ফুসফুসের টিস্যুতে প্রদাহ ও ক্ষত সৃষ্টি করে। এর ফলে ফুসফুসে ফাইব্রোসিস বা স্থায়ী দাগ তৈরি হতে পারে। কখনো শ্বাসনালি স্থায়ীভাবে প্রসারিত হয়ে ব্রংকিয়েকটাসিস দেখা দেয়। আবার ফুসফুসে গহ্বর বা ক্যাভিটি তৈরি হতে পারে। এসব পরিবর্তনের কারণে ফুসফুসের স্বাভাবিক কার্যক্ষমতা কমে যায়।
সম্প্রতি ২০২৬ সালের নভেম্বরে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যক্ষ্মার চিকিৎসা শেষ হওয়ার এক বছর পরও প্রায় ৫৯ শতাংশ শিশু-কিশোরের ফুসফুসের কার্যক্ষমতা স্বাভাবিক হয়নি। গবেষণাটি যক্ষ্মা-পরবর্তী জটিলতার বিষয়টি নতুন করে সামনে এনেছে।
চিকিৎসা শেষে শ্বাসকষ্ট বা দীর্ঘস্থায়ী কাশি থাকলে স্পাইরোমেট্রি, বুকের এক্স-রে এবং প্রয়োজনে এইচআরসিটি পরীক্ষা করা যেতে পারে। রোগের ধরন অনুযায়ী পালমোনারি রিহ্যাবিলিটেশন, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় ওষুধ উপকারী হতে পারে।
বাংলাদেশের মতো যক্ষ্মাপ্রবণ দেশে চিকিৎসা শেষ হওয়ার পর রোগীদের ফুসফুসের কার্যক্ষমতা মূল্যায়নের ব্যবস্থা গড়ে তোলা জরুরি। বিশেষ করে শিশু, অপুষ্টিতে ভোগা রোগী এবং গুরুতর যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন।
মনে রাখতে হবে, যক্ষ্মার চিকিৎসা শেষ মানেই দায়িত্ব শেষ নয়। জীবাণু নির্মূলের পাশাপাশি ফুসফুসের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনা এবং রোগীকে কর্মক্ষম জীবনে ফিরিয়ে দেয়াই হওয়া উচিত চিকিৎসার চূড়ান্ত লক্ষ্য।