যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ উদ্বেগজনক বৃদ্ধি ৩৫ বছরের রেকর্ড ভাঙার শঙ্কা
যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ উদ্বেগজনক বৃদ্ধি ৩৫ বছরের রেকর্ড ভাঙার শঙ্কা।

নিরাময় ডেক্স

Advertisement

বিশ্বের অন্যতম উন্নত স্বাস্থ্যব্যবস্থার দেশ যুক্তরাষ্ট্রে হামের (Measles) সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালে দেশটিতে এ পর্যন্ত পাঁচ হাজার ১৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ বার্ষিক সংক্রমণ। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর পর্যন্ত দেশটির ৪৭টি অঙ্গরাজ্য ও অঞ্চলে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
সিডিসির তথ্য বলছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে দুই হাজার ২৮৯ জন হামে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু ২০২৬ সালের প্রথম ১০ মাসেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ৪৩টি পৃথক সংক্রমণ প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। আক্রান্তদের প্রায় ৯৬ শতাংশই টিকা না নেয়া অথবা টিকা গ্রহণের তথ্য অনিশ্চিত এমন ব্যক্তি। এ পর্যন্ত আক্রান্তদের প্রায় ১১ শতাংশকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। হাম-সম্পর্কিত মৃত্যুর সংখ্যাও বেড়েছে।
পেনসিলভানিয়া, সাউথ ক্যারোলাইনা, ইউটাহ, উইসকনসিন ও টেক্সাসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সংক্রমণের বিস্তার বেশি লক্ষ করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শিশুদের পাশাপাশি কিশোর ও প্রাপ্তবয়স্করাও এই সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন।
হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি কিংবা শ্বাসতন্ত্রের নিঃসৃত ক্ষুদ্র কণার মাধ্যমে এটি ছড়ায়। জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ি এ রোগের প্রধান লক্ষণ। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ এমনকি মৃত্যুও হতে পারে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু, অপুষ্টিতে আক্রান্ত ব্যক্তি এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন মানুষের ঝুঁকি বেশি।
সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে টিকাদানের হার কমে যাওয়া, টিকা নিয়ে ভুল তথ্য ও জনসচেতনতার অভাবকে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাম প্রতিরোধে এমএমআর (MMR-Measles, Mumps, Rubella) টিকা অত্যন্ত কার্যকর। সাধারণত দুই ডোজ টিকা গ্রহণে দীর্ঘমেয়াদি সুরক্ষা পাওয়া যায়। একটি জনগোষ্ঠীতে ৯৫ শতাংশের বেশি মানুষের টিকাদান নিশ্চিত করা গেলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে।
যুক্তরাষ্ট্রের এই পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের জন্যও সতর্কবার্তা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা, টিকার আওতার বাইরে থাকা শিশুদের শনাক্ত করা এবং সন্দেহজনক রোগীকে দ্রুত আইসোলেশনের আওতায় আনা জরুরি।
হাম প্রতিরোধযোগ্য রোগ। অথচ টিকাদানে অবহেলার কারণে আধুনিক চিকিৎসাব্যবস্থার দেশেও এর ব্যাপক সংক্রমণ দেখা যাচ্ছে। তাই ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে টিকাদান কর্মসূচি শক্তিশালী করাই হতে পারে এই সংক্রমণ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।