
দ্য ইকোনমিস্ট
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টিতে শুরু হয়েছে নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে নতুন লড়াই। নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের পর দলটির ভেতরের দীর্ঘ দিনের মতপার্থক্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি, ইরান যুদ্ধ, দুর্নীতি এবং ইসরাইলের সাথে সম্পর্ক নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন দলটির নেতারা।
গত ৩ নভেম্বরের নির্বাচনী ফল প্রকাশের পর থেকেই রিপাবলিকান শিবিরে হতাশা ছড়িয়ে পড়ে। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের কাছের একটি বারে তরুণ রিপাবলিকানদের মধ্যে সেই হতাশা স্পষ্ট হয়ে ওঠে। তাদের একজন নির্বাচনী ফলকে ঐতিহাসিক বিপর্যয়ের সাথে তুলনা করেন। নির্বাচনের পর দলটির মধ্যে চলছে কে দায়ী, তা খুঁজে বের করার চেষ্টা। অনেকেই মনে করেন, ইরান যুদ্ধের কারণে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কেউ কেউ এ জন্য ইসরাইলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককেও দায়ী করছেন। তবে দুর্নীতি নিয়ে ভোটারদের অসন্তোষ থাকলেও ট্রাম্পকে সরাসরি দায়ী করতে এখনো রাজি নন অনেকে।
ট্রাম্পের রাজনৈতিক আন্দোলন ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা মাগার সমর্থকদের মধ্যেও মতবিরোধ বাড়ছে। এক দিকে রয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকরা। আরেকদিকে রয়েছেন মাগার কট্টর সমর্থক, যারা মনে করছেন, ট্রাম্প তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স এখনো ট্রাম্পের পক্ষে। তার মতে, নির্বাচনের ফলকে ট্রাম্পের বিরুদ্ধে জনমত হিসেবে দেখা ঠিক হবে না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








