বাল্টিক সাগরে রুশ আধিপত্য কমাতে ন্যাটোর তৎপরতা

স্কাই নিউজ 
বাল্টিক সাগরে রাশিয়ার শান্তিকালীন নৌ উপস্থিতি হয়তো সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে এবং একই সাথে সেখানে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বর্ধিত নজরদারি সম্ভাব্য বৈরী কর্মকাণ্ড প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখছে। গতকাল সোমবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ফিনল্যান্ডের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল তুওমাস তিলিকাইনেন এই পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, কৌশলগত এই জলপথের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ হলেও তা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে এবং অঞ্চলটিতে যেকোনো ধরনের নতুন উত্তেজনা এড়িয়ে চলা অত্যন্ত জরুরি।
বর্তমানে বাল্টিক সাগরে প্রতিটি রুশ যুদ্ধজাহাজের বিপরীতে ন্যাটোর প্রায় চারটি করে যুদ্ধজাহাজ সক্রিয় রয়েছে, যা স্বাভাবিক সময়ে থাকে তিনটি। জোটের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, চলতি বছর ইউরোপজুড়ে রাশিয়ার তথাকথিত গোপন নৌবহরের সন্দেহভাজন জাহাজে অন্তত ১৩টি তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে। ফিনল্যান্ডের নৌপ্রধানের মতে, ন্যাটোর এই কঠোর টহল ও জোরদার প্রতিরোধ ব্যবস্থা স্পষ্টভাবেই কাজে দিয়েছে। উত্তেজনা বৃদ্ধি না করেই যেকোনো সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় জোটটি নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বলে তিনি মনে করেন। 
এর আগে সমুদ্রের তলদেশের বিদ্যুৎ ও টেলিযোগাযোগ অবকাঠামোয় একাধিক নাশকতার ঘটনার প্রেক্ষাপটে ২০২৫ সালের জানুয়ারি মাসে ‘বাল্টিক সেন্ট্রি’ মিশন শুরু করে ন্যাটো। কৌশলগত জলপথ পাহারা দিতে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর সম্ভাব্য হুমকি শনাক্ত করতে সেখানে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সামরিক বিমান মোতায়েন করা হয়। বিশেষ করে ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মধ্যকার দু’টি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত করার দায়ে একটি মালবাহী জাহাজের রুশ ক্যাপ্টেন ও এক ক্রুকে ফিনল্যান্ডের একটি আদালত দণ্ড দেন।