গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে মার্কিন প্রস্তুতি

আনাদোলু
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়নে তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই বাহিনীর প্রবেশ নিশ্চিত করতে গাজা সীমান্তের কাছে জোর সামরিক প্রস্তুতি শুরু করেছে দেশটি। ।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার প্রাথমিকভাবে প্রায় ২৫০ জন বিদেশী সেনা মোতায়েনের ব্যাপারে ওয়াশিংটনকে সম্মতি দিয়েছে। এর আগে তেলআবিব সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ না করে কেবল কয়েক ডজন বিদেশী সামরিক সদস্যের প্রবেশের কথা বলেছিল। যদিও গত আগস্টে নেতানিয়াহু এমন বাহিনীর প্রবেশের অনুমোদন দেয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন।
গাজায় এই আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার অংশ। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার শিকার হয়ে আসছে উপত্যকাটি। এই পদক্ষেপে যুক্ত হতে এখন পর্যন্ত ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা এবং আলবেনিয়া ওয়াশিংটনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে কাজাখস্তান চিকিৎসা ও রসদ সহায়তার প্রস্তাব দিয়েছে। অন্য দিকে কসোভো নিরাপত্তা ও পুলিশি কার্যক্রমে ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেছে।
কয়েক মাস আগে এই বাহিনী মোতায়েনের পরিকল্পনা সামনে এলেও ইসরাইলের পক্ষ থেকে নানা বাধার কারণে এখনো তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মার্কিন প্রশাসনের মনোভাব এবং গাজায় দ্রুত সেনা মোতায়েন নিয়ে গভীর উদ্বেগ রয়েছে ইসরাইলি সামরিক নেতৃত্বের মধ্যে। বিশেষ করে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে মার্কিন কংগ্রেসের উভয়কক্ষ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় প্রশাসনের অবস্থান ইসরাইলের প্রতি আরো কঠোর হতে পারে বলে আশঙ্কা বাড়ছে।
এক ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা জানান, পরিস্থিতি এমন হতে পারে যে গাজা ডিভিশন ও সাউদার্ন কমান্ড হঠাৎ দেখবে উপত্যকায় মোতায়েন করা আন্তর্জাতিক বাহিনী তাদের চেয়েও বড় আকার ধারণ করেছে। কোনো বিস্তারিত তথ্য না দিয়ে তিনি মন্তব্য করেন, মাঠপর্যায়ে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এমন বিভিন্ন কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির জন্য ইসরাইলকে প্রস্তুত থাকতে হবে।
এ দিকে গাজা সীমান্তের কাছে এরই মধ্যে মার্কিন সেনা ও বিদেশী সামরিক কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ করা গেছে। বিগত দুই সপ্তাহ ধরে এই গতিবিধি বেশ বেড়েছে। এই পুরো তৎপরতা মাল্টিন্যাশনাল ফোর্স তথা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীকে গাজার ভেতরে প্রবেশ করানোর প্রস্তুতিরই অংশ। পাশাপাশি দক্ষিণ সীমান্তে ইসরাইলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগেডের নিয়ন্ত্রণাধীন একটি সামরিক ঘাঁটিকে সম্প্রতি মার্কিন বাহিনীর জন্য সম্পূর্ণ সুরক্ষিত একটি স্থাপনায় রূপান্তর করা হয়েছে।