নেদারল্যান্ডসে ইসরাইলের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ
ইসরাইলের বিরুদ্ধে আমস্টারডামে আয়োজিত ‘রেড লাইন’ বিক্ষোভ মিছিল : ইন্টারনেট।

আলজাজিরা
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদে নেদারল্যান্ডসের আমস্টারডামের রাজপথে নেমেছেন লাখো মানুষ। ইসরাইলের সাথে বাণিজ্যে আরো কঠোর বিধিনিষেধ আরোপ এবং দেশটিতে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের দাবি তাদের।
রোববার আমস্টারডামের বিভিন্ন সড়কে বিক্ষোভকারীদের ঢল নামে। এ সময় তাদের অনেকের পরনেই ছিল লাল পোশাক। ‘রেড লাইন’ নামের এ বিক্ষোভের অন্যতম আয়োজক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেদারল্যান্ডস শাখা জানিয়েছে, এতে দুই লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন। বিক্ষোভে অংশ নেয়া মাইক ভ্যান ডংগেন বলেন, গাজায় যা ঘটছে, তা অমানবিক। এ বিষয়ে নেদারল্যান্ডস সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে মনে করেন তিনি। এমনকি ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সাহসও দেখাচ্ছে না সরকার।
এদিকে বিক্ষোভ চলাকালে আমস্টারডামের একটি সড়কের পাশে বাসস্টপে দাঁড়িয়ে মাইকে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন এক ব্যক্তি। তিনি ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় মিছিলের অনেকেই তার সাথে কণ্ঠ মেলান।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২১ হাজার শিশু রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এ যুদ্ধে প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা অব্যাহত রয়েছে। তবে কাজের কিছুই হচ্ছে না। এর আগেও নেদারল্যান্ডসে একই দাবিতে বিক্ষোভ হয়েছে। গত বছরের অক্টোবরের শুরুর দিকে আমস্টারডামে ‘রেড লাইন’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এর আগে গত বছরের জুনে হেগ শহরের রাজপথেও একই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিক্ষোভকারীরা।