২০২৮ সালের নির্বাচনে কিং মেকার হবেন মামদানি
২০২৮ সালের নির্বাচনে কিং মেকার হবেন মামদানি।

অ্যাক্সিওস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সাংবিধানিক যোগ্যতা নেই নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির। তাই ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজে প্রার্থী হওয়ার পরিবর্তে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল শিবিরের প্রভাবশালী নেতা বা ‘কিংমেকার’ হয়ে উঠতে পারেন তিনি। এ লক্ষ্যে শ্রমিক সংগঠনের নেতাদের সাথে ব্যক্তিগত বৈঠক করছেন মামদানি। তার চেষ্টা, আগামী নির্বাচনে শ্রমিকবান্ধব কিংবা বাম ঘেঁষা একজন প্রার্থীকে হোয়াইট হাউজে পাঠানোর জন্য এখন থেকেই প্রস্তুতি নেয়া। 
মামদানির সাথে আলোচনার বিষয়ে জানেন, এমন চারজন ব্যক্তি অ্যাক্সিওসকে জানিয়েছেন, শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বৈঠকে তিনি বারবার বলছেন, মধ্যবর্তী নির্বাচনে প্রগতিশীলদের পাওয়া সাফল্য নষ্ট করার সুযোগ নেই। ২০২৮ সালের নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। ঘনিষ্ঠ সহযোগীদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে মামদানি একটি গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার কথা জানিয়েছেন। তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ও নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা নিয়ে নিশ্চিত নন তিনি।
ওকাসিও-কর্টেজ শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়ালে ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক মনোনয়ন লড়াইয়ের সমীকরণ বদলে যেতে পারে। একই সাথে দলটির বামপন্থী ও প্রগতিশীল অংশের সামনে নিজেদের পছন্দের কোনো প্রার্থী না থাকার পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।
উগান্ডায় জন্ম নেয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন মামদানি। তাই প্রগতিশীল নেতাদের সাথে সমন্বয় করে ২০২৮ সালের নির্বাচনে প্রভাব বিস্তার করতে চান তিনি। তার সাথে কথা বলেছেন, এমন একজনের ভাষ্য অনুযায়ী, কোনো মধ্যপন্থী প্রার্থী এগিয়ে গেলে ও তাকে পছন্দ না হলে প্রগতিশীলদের দ্রুত ঐক্যবদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন মামদানি। ওই ব্যক্তি বলেন, কোনো মধ্যপন্থী প্রার্থী স্পষ্টভাবে এগিয়ে গেলে প্রগতিশীলদের পুরো বলয়কে দ্রুত, কৌশলগতভাবে ও কার্যকর উপায়ে সক্রিয় করতে চান মামদানি। এ ক্ষেত্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের উদাহরণও সামনে এসেছে। সেসময় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন দৌড়ে জো বাইডেনের পক্ষে সমর্থন একত্র করতে ভূমিকা রেখেছিলেন বলে মনে করা হয়। এতে বার্নি স্যান্ডার্সের প্রচারাভিযান চাপে পড়ে।
গত মাসে আন্তর্জাতিক ইউনিয়ন অব পেইন্টার্স অ্যান্ড অ্যালায়েড ট্রেডসের (আইইউপিএটি) প্রেসিডেন্ট জিমি উইলিয়ামস জুনিয়রকে নিজের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে ডেকে পাঠান মামদানি। বৈঠকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা হয়। সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে কাকে পছন্দ করেন ও তার ইউনিয়ন কিভাবে প্রার্থীকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নেয়, সে বিষয়ে উইলিয়ামসের কাছে জানতে চান মামদানি। এমনকি, উইলিয়ামস নিজে কখনো নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভেবেছেন কি না, সেই প্রশ্নও করেন তিনি। মামদানির সাথে কথা বলেছেন, এমন সূত্র জানিয়েছে, এ বছর নিউ ইয়র্কে কয়েকজন বাম ঘেঁষা কংগ্রেস সদস্যকে প্রার্থী হিসেবে দাঁড় করানো ও তাদের নির্বাচিত করতেও ভূমিকা রেখেছেন মেয়র।