এপ্রিলের এসএ গেমসও অনিশ্চিত

রফিকুল হায়দার ফরহাদ
সর্বশেষ এসএ গেমস হয়েছিল ২০১৯ সালে। এরপর গত সাত বছরে আর  এসএ গেমস অনুষ্ঠিত হয়নি। ২০২১ সালে এই গেমস আয়োজনের কথা ছিল পাকিস্তানের। কিন্তু কখনো করনো মহামারী কখনো দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানকে করতে দেয়নি এসএ গেমস। সর্বশেষ তারা এই গেমস আয়োজনের তারিখ ঘোষণা করেছিল আগামী বছরের ৩-১১ এপ্রিল। এখন এই তারিখেও তাদের পক্ষে  দক্ষিণ-পূর্ব এশিয়ার এই গেমস আয়োজন করা সম্ভব হবে না বলেই মনে হচ্ছে। আর তা হয়েছে সৌদি আরবের রিয়াদে ডিসেম্বরে ইনডোর মার্শাল আর্ট গেমস না হওয়ায়। এই ইনডোর মার্শাল আর্ট গেমস পিছিয়ে গেছে মার্চ-এপ্রিলে। আগামী ২৮ মার্চ থেকে ৮ এপ্রিল রিয়াদেই হওয়ার কথা ইনডোর মার্শাল আর্ট গেমস। আর এসএ গেমস হওয়ার কথা ৩-১১ এপ্রিল। একই সময়ে দুই গেমসের তারিখ পড়ায় অনিশ্চিত হয়ে গেছে আগামী বছরের এসএ গেমস। সার্ক অঞ্চলের দেশগুলো তখন এসএ গেমসের চেয়ে ইনডোর গেমসকেই প্রাধান্য দেবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে তা।
ইয়েমেনের হাউছি যোদ্ধাদের আক্রমণের কারণেই এশিয়ান কাপ ফুটবলের মতো পিছিয়ে গেছে ইনডোর মার্শাল আর্ট গেমসও। এশিয়ান কাপ হওয়ার কথা ছিল আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে হাউছি যোদ্ধাদের হামলার কারণে তা এখন ২০২৭ এর ২৩ ডিসেম্বর শুরু হয়ে ২৮ জানুয়ারি শেষ করার শিডিউল রাখা হয়েছে।
এসএ গেমস আঞ্চলিক গেমস। ভারত খেললে সাত দলের অংশগ্রহণে হবে এই গেমস। আর ইনডোর এশিয়ান গেমসে এশিয়ার সব দেশই অংশ নেবে। বাংলাদেশও ইনডোর গেমসের পাঁচটি ডিসিপ্লিনে দল পাঠাবে। যেহেতু একই সময়ে বড় গেমসটি হওয়ার তারিখ চূড়ান্ত হয়েছে ফলে ওই সময়ে এসএ গেমস হওয়ার সম্ভাবনা একেবারেই কম। এরই মধ্যে এই এসএ গেমস নিয়ে ২৮ অক্টোবর অনলাইন মিটিং করার কথা ছিল পাকিস্তান অলিম্পিক কর্তৃপক্ষের। তবে তারা এই সভা বাতিল করেছে। জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শেফাউল কবির। এখন এই গেমস কবে হবে সেটা চূড়ান্ত করতে পারেনি পাকিস্তানি কর্তৃপক্ষ। উল্লেখ্য, এই এসএ গেমসে ২৮ ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশের ২৬ ডিসিপ্লিনে অংশ নেয়ার কথা।
 ২০২১ সালে এসএ গেমসে আয়োজনে ব্যর্থ হওয়ার পর পাকিস্তান কয়েক দফাই এই গেমস আয়োজনের তারিখ দেয়। তবে তাদের পক্ষে গেমসটি আর করার সম্ভব হয়নি। ২০২৫ সালে তারা এই গেমস আয়োজনের ঘোষণা দিয়েও পরে পিছুটান দেয়। চলতি বছরও তাদের করার শিডিউল ছিল। সেটাও বাস্তবায়ন করতে পারেনি তারা। সর্বশেষ ৩-১১ এপ্রিলে গেমস শুরু ও সম্পন্ন করার ঘোষণা দিলেও এখন মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য সেটাও অনিশ্চিত হয়ে গেছে। যদিও জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের সময় সাউথ এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভা হয়েছিল। সেখানে তারা গেমসটি আয়োজনের চূড়ান্ত আশ^াস দিয়েছিল পাকিস্তান।

Advertisement