মিঠুনের টানা দ্বিতীয় সেঞ্চুরি
মোহাম্মদ মিঠুন।

 ক্রীড়া প্রতিবেদক
জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে (এনসিএল) সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ মিঠুন। তিনি ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে ১৮২ রান করেছেন, যা তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগের বিপক্ষেও সেঞ্চুরি (১১৯ রান) করেছিলেন। খুলনার হয়ে নিজের ১৫০তম প্রথম শ্রেণীর ম্যাচে এই সংস্করণে ১৮তম সেঞ্চুরি পেলেন বাংলাদেশের হয়ে ১০টি টেস্ট খেলা এই ব্যাটার। তার সেঞ্চুরির দিনে শতক হাঁকিয়েছেন জাকির হাসান ও সৈকত আলী। 
রাজশাহীতে গতকাল দুই উইকেটে ১৩২ রান নিয়ে শুরু করা খুলনা বিভাগ দিন শেষ করেছে সাত উইকেটে ৪৩৮ রান তুলে। এর আগে গতকাল তাইবুর রহমানের ডাবল সেঞ্চুরির সৌজন্যে ৯ উইকেটে ৫১৩ রান করে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ।
চট্টগ্রামে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে ইনিংস হার এড়াতে লড়ছে বরিশাল বিভাগ। প্রথম ইনিংসে ১৫৬ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়া দলটি দ্বিতীয় ইনিংসে তিন উইকেট ১৪৪ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। ময়মনসিংহের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৮৬ রানে পিছিয়ে তারা। বরিশালের ওপেনার জাওয়াদ আবরার অপরাজিত আছেন ৮৩ রানে।
বগুড়ায় তৃতীয় দিন জয়ের সুবাস নিয়ে শেষ করেছে সিলেট বিভাগ। রাজশাহী বিভাগকে ৪৬৩ রানের লক্ষ্য দিয়েছে দলটি। রানতাড়ায় চার উইকেটে ৬৩ রান তুলে দিন শেষ করেছে রাজশাহী। তিন উইকেট পেয়েছেন সিলেটের বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ। এর আগে বিনা উইকেটে ৬৩ রান নিয়ে দিন শুরু করা সিলেট চার উইকেটে ৩১৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। দুই ওপেনার মাজহারুল হক মাজেদ (৫৪) ও মুবিন আহমেদ (৪৬) উদ্বোধনী জুটিতে ১০৪ রান করার পর দুই রানের ব্যবধানে আউট হন। এরপর সৈকত আলী ও অধিনায়ক জাকির হাসান তৃতীয় উইকেটে ১৯৮ রানের জুটি গড়েন। দু’জনই পেয়েছেন সেঞ্চুরি। সৈকত ১১৮ বলে ১০৮ রান আর ১১১ বলে ১০১ রান করে অপরাজিত জাকির। প্রথম শ্রেণীতে জাকিরের এটি ১৮তম সেঞ্চুরি আর সৈকতের তৃতীয়। খুলনায় তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে রংপুরের স্কোর ১৩০/২। এখনো চট্টগ্রামের প্রথম ইনিংসের চেয়ে ১১১ রানে পিছিয়ে তারা। মিম মোসাদ্দেক ৫৮ এবং অভিষিক্ত স্যামস নিলয় ৫০ রানে অপরাজিত আছেন। এবারের জাতীয় লিগে মিমের এটি সপ্তম ৫০ ছাড়ানো ইনিংস। প্রতি ম্যাচেই অন্তত একবার ৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন এই ওপেনার। এর আগে পাঁচ উইকেটে ৩০৪ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম অলআউট ৪০৭ রানে।

Advertisement