ইতিহাস গড়ে ফাইনালে এরপর সপ্তম
ইতিহাস গড়ে ফাইনালে এরপর সপ্তম ।

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ছাড়ার আগে স্প্রিন্টার মোহাম্মদ শিপন মিয়া বলেছিলেন ইয়ুথ অলিম্পিকে নিজের সেরাটা দেবেন তিনি। চেষ্টা করবেন নিজের সেরা টাইমিং ১১.১৯ সেকেন্ডের চেয়ে কম সময়ে দৌড়াবেন। সেনেগালের রাজধানী ডাকারে পরশু সে কথা রেখেছেন বিকেএসপির ছাত্র শিপন। সেমিফাইনালে তিনি ১১.০৯ সেকেন্ডে দৌড় শেষ করে ফাইনালে উঠেন। এতে দুই সেমিফাইনাল মিলে ১৫ জনের মধ্যে সপ্তম হন তিনি। ফলে ইতিহাস গড়ে প্রথম বারের মতো বাংলাদেশের কোনো স্প্রিন্টার হিসেবে যুব অলিম্পিক গেমসের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠেন বিকেএসপির এই ছাত্র। ফাইনালে অবশ্য নিজের এই টাইমিংটা ধরে রাখতে পারেননি। ফাইনালে তিন নম্বর লেনে থেকে শুরুটা ভালোই করেছিলেন বিকেএসপির এই ছাত্র। তবে ৫০ মিটারের পর আর অন্যদের সাথে এক কাতারে থাকা সম্ভব হয়নি। ফলে ১১.১৮ সেকেন্ডে দৌড় শেষ করে হয়েছেন ৯ জনের মধ্যে সপ্তম।
অবশ্য শিপনের আগের সবাই ১১ সেকেন্ডের কমে দৌড় শেষ করেছেন। নাইজেরিয়ান স্প্রিন্টার ১০.২৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। এরপরেই ছিল চীন, পোল্যান্ড, ইতালি, পুর্তোরিকো ও পাপুয়া নিউগিনির স্প্রিন্টাররা।
শিপন জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স মিটে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন। ১০০ মিটার রিলেতেও স্বর্ণ গলায় তোলা অ্যাথলেট তিনি। বিকেএসপি কাপে ১০০ ও ২০০ মিটারে স্বর্ণ জয়ের পাশাপাশি অনূর্ধ্ব-২০ সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স ও বাহরাইনে হওয়া ইয়ুথ এশিয়ান গেমসে চতুর্থ স্থান পান।
এ দিকে পদকের আশা জাগিয়েছেন বাংলাদেশের বক্সার নয়ন ত্রিপুরা ৭০ কেজি ওজন শ্রেণীতে বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। কোয়ার্টারে জিতলেই পদক জেতা হবে তার। 
এর আগে সাঁতারে মাইশা হিটে প্রথম হয়েছিলেন।