
ক্রীড়া প্রতিবেদক
ব্যাট হাতে গতকাল কোনো বড় ইনিংসের অপেক্ষা ছিল না, ছিল মাত্র ৯ রানের হিসাব! সেই ছোট্ট লক্ষ্য পূরণ করেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের নামকে আরো উঁচুতে নিয়ে গেলেন মুশফিকুর রহীম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের শেষ দিনে একটি সিঙ্গেল তাকে পৌঁছে দিলো এমন এক উচ্চতায়, যেখানে এর আগে বাংলাদেশের কোনো ব্যাটার যেতে পারেননি।
টেস্ট ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে ৫৯তম ব্যাটসম্যান হিসেবে সাত হাজারী ক্লাবে প্রবেশ করলেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম দিনে জোমেল ওয়ারিক্যানের বল মিড অনের দিকে ঠেলে দিয়ে প্রয়োজনীয় রানটি তুলে নেন মুশফিক। ছোট্ট করে হাত তুলে সতীর্থ ও দর্শকদের অভিনন্দনের জবাব দেন। বড় কোনো উদযাপন ছিল না, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য মুহূর্তটি ছিল অসাধারণ। ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর দীর্ঘ ২১ বছরের পথচলায় এভাবেই আরেকটি ইতিহাস লিখলেন মুশফিক।
সিলেট টেস্ট শুরুর আগে সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ৩৪ রান করে মাইলফলকের আরো কাছে পৌঁছালেও শেষ পর্যন্ত অপেক্ষা বাড়ে। দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র ৯ রান। দেখেশুনে ব্যাটিং করে সেই লক্ষ্য পূরণ করেন তিনি। সব মিলিয়ে ১০৭ টেস্টের ১৯৭ ইনিংসে তার সংগ্রহ সাত হাজারের বেশি রান।
মুশফিকের এই অর্জনের বিশেষত্ব শুধু সংখ্যায় নয়, ধারাবাহিকতায়ও। দীর্ঘ ক্যারিয়ারে ৩৯.১০ গড়ে রান করেছেন তিনি। রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও তিনি। এমনকি ৫০ বা তার বেশি রানের ইনিংসের হিসাবেও সবার ওপরে অভিজ্ঞ এই ব্যাটার।
পরিসংখ্যানের বিচারে তার ধারে কাছেও নেই বাংলাদেশের অন্য কোনো ব্যাটার। দ্বিতীয় অবস্থানে থাকা মুমিনুল হকের সংগ্রহ পাঁচ হাজার ২৯৩ রান। তামিম ইকবাল করেছেন পাঁচ হাজার ১৩৪ রান। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সাত হাজার রানের সীমা ছোঁয়ার অপেক্ষা এখনো অন্যদের জন্য অনেক দূরের পথ। সাত হাজার রানের পথে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে, যার টেস্ট রান ছয় হাজার ৯৯৬। বর্তমানে তার ঠিক ওপরে রয়েছেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস, যার সংগ্রহ সাত হাজার ৩৭ রান।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার রেকর্ডও মুশফিকের। দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রান, সর্বাধিক সেঞ্চুরি- একটির পর একটি অর্জনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। যদিও একই ম্যাচে হৃদয়ের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট স্কোরের রেকর্ডটি হারিয়েছেন, তবু সাত হাজার রানের মাইলফলক সেই আলোচনার বাইরে নতুন করে তাকে ইতিহাসের কেন্দ্রে নিয়ে এসেছে।
একসময় লর্ডসে শুরু হয়েছিল যে যাত্রা, সিলেটে এসে সেই যাত্রায় যুক্ত হলো আরেকটি অবিস্মরণীয় অধ্যায়। মুশফিকের ব্যাট থেকে হয়তো সব সময় বড় ইনিংস আসবে না, কিন্তু বাংলাদেশের টেস্ট ক্রিকেটে তার রেখে যাওয়া ছাপ মুছে ফেলার মতো নয়। দেশের ক্রিকেটে সাত হাজার রানের প্রথম ঠিকানাটি মালিক যে তিনিই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








