হামজাকে পেয়ে চাঙ্গা ফুটবল দল
গতকাল জাতীয় দলের অনুুশীলনের যোগ দেন হামজা চৌধুরী : বাফুফে।

ক্রীড়া প্রতিবেদক
ফিফা উইন্ডোর বাইরে পড়েছিল বাংলাদেশ ও ভুটানের এবারের সাফের ম্যাচ। ফলে সে ম্যাচ খেলতে আসতে পারেননি হামজা চৌধুরী। তবে গতকাল ভোরে ইংল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছান বাংলাদেশ দলের এ ইংলিশ লিগে খেলা ফুটবলারটি। চোটে জর্জরিত বাংলাদেশ দল এখন হামজার আগমনে উজ্জীবিত। গতকাল সকালে বিমান থেকে নেমে হোটেলে বিশ্রাম নিয়েই বিকেলে কিংস এরিনায় অনুশীলনে যোগ দেন হামজা চৌধুরী। তার উপস্থিতি দলের মধ্যে এনে দিয়েছে বাড়তি প্রেরণা।
 আগামীকাল বাংলাদেশ দলের গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করার ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপ সেরা হয়ে সেমিতে ‘বি’ গ্রুপের রানার্সআপ দলকে পেতে লাল-সবুজদের ড্র দরকার লঙ্কানদের বিপক্ষে। অন্য দিকে সেমিতে খেলা নিশ্চিত করতে শ্রীলঙ্কার প্রয়োজন ড্র। বাংলাদেশ ১-০ গোলে ভুটানকে হারালেও শ্রীলঙ্কা ২-২ গোলে ড্র করেছিল ভুটানের সাথে। ফলে এখন ভুটানেরও চান্স আছে সেমিতে যাওয়ার। বাংলাদেশ যদি লঙ্কানদের ২-০ গোলে হারায় তাহলেই দ্বীপ রাষ্ট্রটিকে টপকে শেষ চারে উঠবে পাহাড়ি দেশটি। আগামীকাল দুই গ্রুপের দুই ম্যাচই গুরুত্বপূর্ণ। ‘বি’ গ্রুপে মালদ্বীপ যদি প্রথম ম্যাচে ৩-০তে ভারতকে হারিয়ে দেয় তাহলে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিদায় হবে। তখন আগেই সেমিফাইনাল নিশ্চিত করা পাকিস্তানের সাথে সেমিতে খেলবে মালদ্বীপ।
এ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি ডিফেন্ডার তপু বর্মনের। চোটের জন্য ভুটানের বিপক্ষে একেবারেই শেষ সময়ে দল থেকে নাম প্রত্যাহার করতে হয় তপুকে। যেহেতু বাংলাদেশ দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে তাই লঙ্কানদের বিপক্ষে নিজেদের নিয়মরক্ষার ম্যাচে তপু খেলবেন না ঝুঁকি এড়াতে। জাতীয় দল সূত্রে জানা গেছে তা।
এ দিকে গতকাল বাংলাদেশ দলের সাথে অনুশীলন করা হয়নি ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। ফ্লাইট বিলম্বের কারণে সকালে তিনি আসতে পারেননি। এসেছেন রাতে।