
ক্রীড়া প্রতিবেদক
বিকেল ৪টায় মাঠের আলো পর্যবেক্ষণ করে খেলা শুরুর সম্ভাবনা যাচাইয়ের কথা থাকলেও তার আগেই দুই অধিনায়ক ম্যাচের সমাপ্তি মেনে নেন। ফলে শেষ দিনের বাকি সময়টুকু আর ক্রিকেটে রাঙানো হয়নি। মাঠে তখনো ওয়েস্ট ইন্ডিজের জয়ের ক্ষীণ আশা, অন্য দিকে বাংলাদেশের সামনে ড্রয়ের অপেক্ষা। দুই দলের ব্যবধান বেশ বড়। বাংলাদেশের দরকার ১৮৫ রান, ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৬ উইকেট। কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটীয় লড়াইয়ের নিষ্পত্তি হলো না। আলোকস্বল্পতা কেড়ে নিলো ম্যাচের শেষ অংশটুকু। ড্র হলো সিলেট টেস্ট, আর ১-০ ব্যবধানে সিরিজ জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ল ওয়েস্ট ইন্ডিজ!
এই ড্র বাংলাদেশের জন্য পরিসংখ্যানগত একটি প্রাপ্তিও এনে দিয়েছে। দেশের মাটিতে ২০২২ সালের পর এই প্রথম টেস্ট ড্র করল বাংলাদেশ। কিন্তু সিরিজের হিসাব বলছে, সেই স্বস্তি পূর্ণতা পাচ্ছে না। মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটের জয়ের সুবাদে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচসেরার পুরস্কার উঠেছে হৃদয়ের হাতে। দুই ইনিংসে ২৪২ ও ৮২ রান করে তিনিই ছিলেন ম্যাচের সবচেয়ে উজ্জ্বল মুখ। সিরিজসেরা হয়েছেন জোমেল ওয়ারিক্যান, যিনি দুই টেস্টে নিয়েছেন ১৬ উইকেট।
ফলাফলের খাতায় ড্র লেখা থাকলেও বাংলাদেশের জন্য দিনটি একেবারে প্রাপ্তিহীন নয়। বরং ব্যক্তিগত অর্জন আর লড়াকু ব্যাটিংয়ে পঞ্চম দিনটিকে স্মরণীয় করে রাখলেন তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহীম। বিশেষ করে হৃদয় যেন এই টেস্টকে নিজের করে নিয়েছেন। প্রথম ইনিংসে ২৪২* রানের মহাকাব্যিক ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও খেলেছেন ৮২ রানের দায়িত্বশীল ইনিংস। অল্পের জন্য হাতছাড়া একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির বিরল কীর্তি।
ব্যক্তিগত মাইলফলক হাতছাড়া হলেও রেকর্ডের খাতায় নাম লেখা হয়ে গেছে মুশফিক ও হৃদয়ের। দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করে এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন হৃদয়। পেছনে ফেলেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল হকের করা ২৮১ রান। একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করা বাংলাদেশের প্রথম ব্যাটারও এখন তিনি। অন্য দিকে মুশফিক প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেশনেই ফিরে যান দুই ওপেনার। জোমেল ওয়ারিক্যানের বলে ২১ রান করে তানজিদ হাসান তামিমের বিদায়ের পর মধ্যাহ্নবিরতির ঠিক আগে এলবিডব্লিউ হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র দুই উইকেটেই তখন বাংলাদেশের জয়ের স্বপ্নে জমেছিল শঙ্কার মেঘ।
সেই মেঘ সরানোর দায়িত্ব নেন হৃদয় ও মুশফিক। অভিজ্ঞতা আর তারুণ্যের দারুণ মিশেলে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখেন দু’জন। মুশফিক এক প্রান্তে উইকেট আগলে রাখেন, অন্য প্রান্তে হৃদয় সুযোগ বুঝে আক্রমণ চালান। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে যোগ করেন ১১৩ রান। তৃতীয় উইকেটে তাদের ১৩৫ রানের জুটি ম্যাচটিকে নিয়ে যায় নতুন এক সমীকরণে।
হৃদয়ের ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস, মুশফিকের ব্যাটিংয়ে ছিল ধৈর্যের পরীক্ষা। কিন্তু ৮২ রানে এসে থামতে হয় হৃদয়কে। ওয়ারিক্যানের বলে সুইপ করতে গিয়ে লেগ স্টাম্পের বেলস পড়ে যাওয়ার পরও প্রথমে যেন বিশ্বাস করতে পারছিলেন না নিজের বিদায়। একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি গড়ার সুযোগটি এভাবেই হাতছাড়া হয়।
এরপর বাংলাদেশের আশার প্রতীক হয়ে ছিলেন মুশফিক। ব্যক্তিগত অর্ধশতকের খুব কাছে গিয়েও থামতে হয় তাকে। শামার জোসেফের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে করেন ৪৯ রান। তাতে আক্ষেপের সাথে যোগ হয় আরো একটি প্রশ্ন- এই জুটি আর কিছুক্ষণ টিকে থাকলে ম্যাচের চিত্র কি অন্য রকম হতো?
বাংলাদেশের লড়াইয়ের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজও পঞ্চম দিনে নিজেদের অবস্থান শক্ত করেছিল। আগের দিনের ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে সফরকারীরা। কাভেম হজের ১৪২ রানের ইনিংসের পর নাঈম হাসানের বলে তার বিদায় ঘটে। জাস্টিন গ্রিভসকে ফেরান মেহেদী হাসান মিরাজ। পরে শামার জোসেফকে তুলে নিয়ে নিজের দ্বিতীয় উইকেট পান নাঈম। শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টা চালান জশুয়া বিশপ। ১১ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলার পর ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে অতিথিরা। আমির জাঙ্গু ৩৯ রানে অপরাজিত থাকেন।
জয়ের জন্য ৩৬৯ রানের লক্ষ্য নিয়ে বাংলাদেশের সামনে তখন কঠিন সমীকরণ। কিন্তু হৃদয়-মুশফিকের ব্যাটে সেই সমীকরণ অন্তত কিছুটা সহজ হয়ে উঠেছিল। ৫৯ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান তোলার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ করেন আম্পায়াররা।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ৩৫৬ ও ৩৯৮/৬ ডিক্লে. (হজ ১৪২, উইকহ্যাম ৭৮, কিং ৬১; নাঈম ২/৭২, মিরাজ ২/৮৫, তাইজুল ২/১১৮)।
বাংলাদেশ : ৩৮৬ ও ১৮৪/৪ (হৃদয় ৮২, মুশফিক ৪৯, তানজিদ ২১; ওয়ারিক্যান ৩/৪৪)।
ফল : ড্র।
সিরিজ : ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ সিরিজে ১-০ তে জয়ী।
ম্যাচ সেরা : তৌহিদ হৃদয়।
সিরিজ সেরা : জোমেল ওয়ারিকান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








