ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার আশঙ্কার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার

নয়া দিগন্ত ডেস্ক 

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ অবসানের প্রচেষ্টা জোরদার হয়েছে। এই প্রেক্ষাপটে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। তবে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনই কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। 
রয়টার্সের খবরে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সাথে মিলে ট্রাম্প যে সঙ্ঘাত শুরু করেছিলেন, তা আট মাসেরও বেশি সময় ধরে চলছে। ট্রাম্প এখন বড় ধরনের যুদ্ধ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন না, তবে ইরানের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিতেও তিনি অনিচ্ছুক। উভয়পক্ষের আক্রমণ অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র গত রাতে ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। অন্য দিকে এই মাসে ইরান পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারগুলোতে হামলা চালিয়েছে এবং তাদের মিত্র ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা সৌদি আরবে আঘাত হেনেছে। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে-সানি গত সপ্তাহে তেহরান সফর করেছেন। সোমবার ওয়াশিংটনে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সাথে বৈঠক করেছেন। 
যুদ্ধ অবসানের জন্য ইরান একটি প্রস্তাব দিয়েছে। এর আওতায় যুক্তরাষ্ট্রকে তাদের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে, কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং বোমা হামলা বন্ধ করতে হবে। বিনিময়ে ইরান হরমুজ প্রণালীতে তাদের অবরোধ তুলে নেবে। পরবর্তীতে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার সুযোগ থাকবে। 
যুক্তরাষ্ট্র বারবার এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার তেহরানের শর্তগুলোকে ‘অযৌক্তিক, হাস্যকর ও অবাস্তব’ বলে অভিহিত করেছেন। ইরান দাবি করেছে, এই পুরো প্রক্রিয়াটি মাত্র দুই দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই পরিকল্পনাটিকে সবচেয়ে যৌক্তিক প্রস্তাব হিসেবে তুলে ধরে এর পক্ষে সাফাই গেয়েছেন। 
জে ডি ভ্যান্সসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতারা গত সপ্তাহের নির্বাচনে দলের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন। সঙ্ঘাত অবসানের জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়ছে ঠিকই, তবে মার্কো রুবিও জানিয়েছেন, অদূর ভবিষ্যতে কোনো কূটনৈতিক সাফল্য আসবে বলে তিনি মনে করেন না। সংযুক্ত আরব আমিরাতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আনোয়ার গারগাশ, একই মত পোষণ করে বলেছেন- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সামগ্রিক রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো কঠিন বলে মনে হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার জন্য প্রস্তুত থাকতে হবে- এমন এক পরিস্থিতি, যেখানে কোনো সুনির্দিষ্ট সমাধান বা স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা নিশ্চিতভাবে আশা করা যায় না।’ 
ভ্যান্স, যিনি জুন মাসে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন, তিনি আলে-সানির সাথেও বৈঠক করবেন। আলে-সানির দেশ যুদ্ধের শুরু থেকেই প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে; তারা বিভিন্ন পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান এবং মতপার্থক্য দূর করার উপায় প্রস্তাব করে আসছে। 
কয়েক মাস ধরে এই যুদ্ধ নিয়ে পুরো অঞ্চলে উদ্বেগ বিরাজ করছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সোমবার জানিয়েছেন, তিনি ট্রাম্পকে বলেছেন- আঙ্কারা পরিস্থিতির নতুন কোনো অবনতি বা উত্তেজনা বৃদ্ধি দেখতে চায় না। এরদোগান সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রতিটি সুযোগেই জোর দিয়ে বলছি যে, সংলাপ ও কূটনীতির মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। দুর্ভাগ্যবশত আমরা আবারো পরিস্থিতির নেতিবাচক মোড় লক্ষ করছি। এটি রোধ করতে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’ 
ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বা ইসরাইলের কোনো সামরিক হামলা পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে মারাত্মক জটিল করে তুলতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। আলজাজিরা জানায়, দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান ইব্রাহিম কালিন সতর্ক করে দিয়ে বলেছেন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনীতিত জোরদার অগ্রগতি হচ্ছে এবং এই মুহূর্তে আলোচনার টেবিলে যে চুক্তির প্রস্তাব রয়েছে তা উভয় পক্ষের জন্যই একটি চমৎকার ও ন্যায়সংগত সমাধান। 
আংকারায় তুর্কি থিংক ট্যাংক ‘অরসাম’ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আয়োজিত এক যৌথ সম্মেলনে দেয়া বক্তব্যে ইব্রাহিম কালিন বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির নাজুক অবস্থা তুলে ধরেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, গোটা অঞ্চলের নিরাপত্তার স্বার্থেই ইরানের বিষয়টি সবার কাছে অত্যন্ত স্পর্শকাতর। এই মুহূর্তে তুরস্কের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র বা ইসরাইল যাতে নতুন করে ইরানের ওপর কোনো সামরিক হামলা না চালায়, তা নিশ্চিত করা এবং সে লক্ষ্যে আংকারা কূটনৈতিক চেষ্টা জোরদার করেছে। 
এ আঞ্চলিক অস্থিরতা এড়াতে সম্প্রতি সরাসরি সর্বোচ্চ পর্যায়ে আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তুর্কি গোয়েন্দা প্রধান। তিনি উল্লেখ করেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাত্র দুই দিন আগেই তুরস্কের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি টেলিফোনে কথা বলেছেন। সেই আলাপে তুর্কি প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। ইব্রাহিম কালিন আরো জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র একা বা ইসরাইলকে সাথে নিয়ে আবার হামলা চালালে পুরো অঞ্চল আবারো সঙ্ঘাতের এক বিপজ্জনক চক্রে জড়িয়ে পড়বে। 
সামরিক পদক্ষেপ
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফার্স’-কে সোমবার প্রাদেশিক এক কর্মকর্তা জানিয়েছেন, রোববার রাতে কেশম দ্বীপে চালানো হামলায় কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামো বা পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়নি। মার্কিন পক্ষ অবশ্য ইরানের গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলাগুলো মূলত ইরানের রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে চালানো হয়েছে- যা বিমান প্রতিরক্ষা ও জাহাজ চলাচলের দিকনির্দেশনা- উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এ ছাড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সমুদ্রতলে মাইন পাতার ব্যবস্থাও ছিল এই হামলার লক্ষ্যবস্তু। 
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাগুলোর গত সপ্তাহের তথ্য অনুযায়ী, অক্টোবর মাস থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারগুলোর ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ হার। 
ইরান সাধারণত কোনো জাহাজে হামলার দায় স্বীকার করে না, এমনকি যখন কোনো জাহাজ জানায় যে তারা কোনো প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রোববার ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর পূর্বে একটি ট্যাংকার মাইন বিস্ফোরণের কবলে পড়েছে। 
সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনের এক  সাংবাদিক জানিয়েছেন, গত ১০ দিনে মোট ১১টি ট্যাংকার অকেজো হয়ে পড়েছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের জন্ম দিয়েছে, উপসাগরীয় আরব দেশগুলোর ওপর ইরানের হামলার সূত্রপাত ঘটিয়েছে, বসন্ত ও গ্রীষ্মকালে লেবাননে ইসরাইলের বড় ধরনের সামরিক অভিযানের কারণ হয়েছে এবং ইয়েমেনে দীর্ঘকাল ধরে স্থবির হয়ে থাকা গৃহযুদ্ধকে আবার উসকে দিয়েছে। 
রোববার ইয়েমেনের হাউছিরা জানিয়েছে, তারা রিয়াদে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘আরামকো’-এর একটি কার্যালয় ভবনে হামলা চালিয়েছে। শহরের আর্থিক এলাকায় অবস্থিত ওই ভবনের কয়েকটি তলার জানালা এই হামলায় ভেঙে পড়ে। জ্বালানি মন্ত্রণালয় ভবনটিতে হামলার প্রচেষ্টার ফলে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু উল্লেখ করেনি।